ভ্রাম্যমাণ আদালতে ছয় দালালের জরিমানা
ভ্রাম্যমাণ আদালত গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় গোপালগঞ্জ সদর হাসপাতালের ছয়জন মহিলা দালালকে ৫০০ টাকা করে জরিমানা অনাদায়ে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোহাম্মদ আবুল খায়ের এ রায় দেন।জরিমানাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন শহরের বেদ গ্রামের কোহিনুর বেগম (৩৫), পাঁচুড়িয়ার অমিও (৪৫), সদর উপজেলার মানিকদাহের কাজির বাজারের রুমা আক্তার (২০), চরমানিকদাহ গ্রামের কণা বেগম (২০), মধুপুরের সুখী খানম (১৮) ও গোবরার ময়না বেগম (২৭)। এঁদের মধ্যে কোহিনুর বেগম গ্রুপ ডায়াগনস্টিক সেন্টার এবং অন্য পাঁচজন দি মেডিনোভা ডায়াগনস্টিক সেন্টারের কর্মচারী।গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক মো. দলিল উদ্দিন জানিয়েছেন, বৃহস্পতিবার বেলা ১১টায় পুলিশ সদর হাসপাতালে অভিযান চালিয়ে ওই ছয় দালালকে আটক করে। এঁরা হাসপাতালে আসা রোগীদের বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে নিয়ে যান। এ ছাড়া চিকিৎসকেরা রোগীদের পরীক্ষা দিলে তাঁদেরও বিভিন্ন প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যান তাঁরা। পরে তাঁদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়।