ভ্রাম্যমাণ আদালতে দণ্ডিত আ.লীগ নেতার বক্তব্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি কাজে বাধা দেওয়ার দায়ে দণ্ডিত বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক ও ভাঙ্গা কেএম কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. শওকত আলী ওরফে শাহ আলম (৪২) দাবি করেছেন, তিনি সরকারি কাজে কোনো বাধা দেননি।
গত ১ জানুয়ারি বিকেলে নিজ কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মো. শওকত আলীকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন সহকারী কমিশনার (ভূমি) লুৎফুন্নাহার। ৩ জানুয়ারি প্রথম আলোয় এ-সংক্রান্ত একটি সংবাদ প্রকাশিত হয়।
সেদিনের দণ্ড সম্পর্কে মো. শওকত আলী বলেন, ‘আমি খাজনা দেওয়ার জন্য ওই দিন ভূমি কর্মকর্তার কার্যালয়ে যাই। কিন্তু তিনি বিরোধীপক্ষ দ্বারা প্ররোচিত হয়ে আমার সঙ্গে দুর্ব্যবহার করেন। আমি তাঁর আচরণে অসন্তোষ প্রকাশ করলে তিনি আমাকে ছয় মাসের জেল দিয়ে পুলিশে সোপর্দ করেন।’ লিখিত বক্তব্যে তিনি দাবি করেন, ‘আমি সরকারি কাজে বাধা দিইনি বা তাঁকে (সহকারী কমিশনার) আক্রমণের চেষ্টা করিনি।’
এ বিষয়ে লুৎফুন্নাহার প্রথম আলোকে বলেন, একটি ভিপি সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধ সৃষ্টি হওয়ায় মো. শওকত আলী ও তাঁর ভাইবোনেরা সেদিন তাঁর কাছে এসেছিলেন। তিনি ও তাঁর ভাই একই নম্বরের দুটি দলিল তুলে ধরেন, নম্বর এক হলেও দুটি দলিল ছিল দুই রকম। তখন তিনি সঠিক কাগজপত্র নিয়ে আসতে বলেন। কিন্তু তিনি দুই রকম দলিলের ভিত্তিতেই জমি অবমুক্ত করার জন্য চাপ দিতে থাকেন। লুৎফুন্নাহার আরও বলেন, ‘আমি তা করতে অস্বীকৃতি জানালে তিনি অফিসকক্ষে চিৎকার-চেঁচামেচি শুরু করেন ও একপর্যায়ে আমার দিকে তেড়ে আসেন। এর ফলে অফিসের কার্যক্রম ব্যাহত হয়। পরে বাধ্য হয়ে পুলিশে খবর দেওয়া হয় ও সরকারি কাজে বাধা দেওয়ার দায়ে তাঁকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিই।’