ভ্রাম্যমাণ আদালতে বর, কাজি ও সাক্ষীর বিনাশ্রম কারাদণ্ড
জামালপুরের সরিষাবাড়ীতে গতকাল বৃহস্পতিবার রাতে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট ও সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ কামরুল হাসানের নেতৃত্বে বাল্যবিবাহ প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালত বর, নিকাহ রেজিস্ট্রারের প্রতিনিধি ও দুই সাক্ষীকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। ভ্রাম্যমাণ আদালত ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল উপজেলার ডোয়াইল ইউনিয়নের ডোয়াইল গ্রামের শাহীন ইসলামের মেয়ে সপ্তম শ্রেণীর ছাত্রীর সঙ্গে পাশের উপজেলা ধনবাড়ী এলাকার হাবিবুর রহমানের ছেলে তৌহিদুল ইসলামের (২২) বিয়ের অনুষ্ঠান চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ইউএনও কনের বাড়িতে পুলিশসহ হাজির হন। এরপর বর, কনে, কাজি ও সাক্ষীদের উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিয়ে আসা হয়। সেখানে ইউএনওর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বসে। আদালত বর তৌহিদুল ইসলামকে সাত দিন, উপজেলার ডোয়াইল ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার হামিদুল হকের প্রতিনিধি আ. গনিকে ১০ দিন, বর ও কনের দুই সাক্ষী নজরুল ইসলাম ও রফিকুল ইসলামকে চার দিন বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। তৌহিদুল, আ. গনি, নজরুল ইসলাম ও রফিকুল ইসলামকে রাতেই পুলিশে সোপর্দ করা হয়।১৯২৯ সালের বাল্যবিবাহ প্রতিরোধ আইনের ৪ ও ৫ ধারায় বর তৌহিদুল ইসলাম, নিকাহ রেজিস্ট্রারের প্রতিনিধি আ. গনি ও উভয় পক্ষের সাক্ষী নজরুল ইসলাম ও রফিকুল ইসলামের বিরুদ্ধে মামলা হয়েছে।ভ্রাম্যমাণ আদালতের প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট ও সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান প্রথম আলোকে জানান, বাল্যবিবাহ প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও রায় প্রদান করা হয়েছে। সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম জানান, গতকাল বর, নিকাহ রেজিস্ট্রারের প্রতিনিধি ও উভয় পক্ষের দুই সাক্ষীকে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে।