ভ্রাম্যমাণ আদালতে বিচার মানবাধিকার লঙ্ঘন নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতালে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিকভাবে বিচার করা মানবাধিকারের লঙ্ঘন নয় বলে দাবি করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।হানিফ বলেন, গাড়ি পোড়ানো যদি মানবাধিকার লঙ্ঘন না হয়, তা হলে জনগণের জান-মালের নিরাপত্তা এবং কোনো সন্ত্রাসীর হাত থেকে তাদের বাঁচানোর জন্য ভ্রাম্যমাণ আদালতে বিচার করা মানবাধিকার লঙ্ঘন হয় কীভাবে?গতকাল সোমবার ধানমন্ডির দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।আলোচনায় না বসে আন্দোলন করে আওয়ামী লীগের কাছ থেকে কিছু আদায় করা যাবে না উল্লেখ করে হানিফ বলেন, আলোচনা করেই সব সমস্যার সমাধানে যেতে হবে। জনগণের অধিকার আদায়ে আন্দোলন-সংগ্রামের মধ্যেই আওয়ামী লীগের জন্ম। যেকোনো মহলের অপরাজনীতি প্রতিহত করার সাংগঠনিক শক্তি আওয়ামী লীগের রয়েছে।বিএনপির টানা ৩৬ ঘণ্টার হরতাল স্বতঃস্ফূর্তভাবে হয়নি মন্তব্য করে হানিফ বলেন, গাড়িতে অগ্নিসংযোগ করে হরতাল পালনে বাধ্য করে যদি তারা বলে যে হরতাল স্বতঃস্ফূর্ত হয়েছে, তা হলে বলার কিছু নেই। বোমাবাজি, গাড়িতে অগ্নিসংযোগের মাধ্যমে বিরোধী দল আতঙ্ক সৃষ্টি করে জনগণকে ঘরে আটকে রাখতে চেয়েছিল, কিন্তু পারেনি। কেবল ব্যক্তিগত কিছু গাড়ি আর শিশুদের নিরাপত্তার জন্য শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়া সবকিছুই ছিল স্বাভাবিক।বিরোধী দলের সমালোচনা করে হানিফ বলেন, গত পাঁচটি বছর ক্ষমতায় থেকে বিএনপি-জামায়াত জোট দুর্নীতি, সন্ত্রাস ও নৈরাজ্য করে দেশকে পিছিয়ে দিয়ে গেছে। তাদের কারণেই দেশে এক-এগারোর সৃষ্টি হয়েছে। বিরোধী দলের উদ্দেশে তিনি বলেন, ‘পাঁচ বছর মানুষকে অনেক কষ্ট দিয়েছেন, আর দেবেন না। অসত্য, ভিত্তিহীন তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করে দেশকে আর পিছিয়ে দেবেন না। আসুন আলাপ-আলোচনার মাধ্যমে সৃষ্ট সমস্যার সমাধান করি।’বিএনপির হরতাল কর্মসূচির কোনো যৌক্তিক কারণ নেই উল্লেখ করে হানিফ বলেন, ‘তাদের দাবিগুলো অসত্যে ভরা।’ প্রয়োজনে ৭২ ঘণ্টা কিংবা সাত দিনের লাগাতার হরতাল দেওয়ার হুমকি প্রসঙ্গে তিনি বলেন, ‘লাগাতার হরতাল দেওয়ার মতো কোনো পরিস্থিতি দেশে এখনো সৃষ্টি হয়নি। আমরা আশা করি, বিএনপি জনগণের কথা বিবেচনা করে এমন সিদ্ধান্ত নেবে না।’বিএনপির নেতা-কর্মীদের গ্রেপ্তারে আলোচনার পথ বন্ধ হয়ে যাবে কি না, জানতে চাইলে তিনি বলেন, আলোচনার পথ রুদ্ধ হবে না। প্রধানমন্ত্রীও বলেছেন, যেকোনো সময় তাঁরা সংসদে এসে আলোচনা করতে পারেন। তিনি বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য যে কাউকে গ্রেপ্তার করা যায়। সংসদ সদস্য বলে তাঁকে আইনের আওতায় আনা যাবে না, এমন নয়।আওয়ামী লীগ বিরোধী দলে গেলে আর হরতাল করবে না বলে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের বক্তব্য সম্পর্কে জানতে চাইলে হানিফ বলেন, ‘এটা সম্পূর্ণই তাঁর ব্যক্তিগত মন্তব্য, আওয়ামী লীগের কোনো বক্তব্য বা সিদ্ধান্ত নয়। উনি (স্বরাষ্ট্রমন্ত্রী) হয়তো বলতে চেয়েছেন, বিরোধী দলে গেলেও আমরা অযৌক্তিক কোনো হরতাল দেব না।’