ভ্রাম্যমাণ আদালতে সাজা: পাঁচ কার্যদিবসে দিতে হবে আদেশের অনুলিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফাইল ছবি
ফাইল ছবি

ভ্রাম্যমাণ আদালতে দণ্ডিত কোনো ব্যক্তির আবেদনের পাঁচ কার্যদিবসের মধ্যে দণ্ডাদেশের সত্যায়িত অনুলিপি (সার্টিফায়েড কপি) দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

কয়েকটি রিটের শুনানি নিয়ে আজ মঙ্গলবার বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদেশ বাস্তবায়নে মন্ত্রী পরিষদ সচিব, স্বরাষ্ট্রসচিব ও জেলা ম্যাজিস্ট্রেটদের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।

আইনজীবীরা বলেছেন, নির্বাহী হাকিমের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে দণ্ডাদেশের বিরুদ্ধে জেলা ম্যাজিস্ট্রেটের (জেলা প্রশাসক) কাছে আপিল করার সুযোগ আছে। এ জন্য ভ্রাম্যমাণ আদালতের আদেশের সত্যায়িত অনুলিপি লাগে। তবে ওই অনুলিপি না পেয়ে পৃথক রিট করেন দণ্ডিত ব্যক্তি ও তাদের স্বজন।

রাষ্ট্রপক্ষের ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায় প্রথম আলোকে বলেন, এখন থেকে ভ্রাম্যমাণ আদালতে দণ্ডিত কোনো ব্যক্তির আবেদন করার পাঁচ কার্যদিবসের মধ্যে তাকে ভ্রাম্যমান আদালতের আদেশের সত্যায়িত অনুলিপি (সার্টিফায়েড কপি) দিতে হবে। রিটগুলো নিষ্পত্তি করে এ আদেশ দিয়েছেন হাইকোর্ট।

রিট আবেদনকারীপক্ষ জানায়, গত ১৮ সেপ্টেম্বর রাজধানীর বাসিন্দা ও ব্যবসায়ী অলি উল্লাহ অলিকে ছয় মাসের সাজা দেন ভ্রাম্যমাণ আদালত। আপিল করার জন্য ওই দণ্ডাদেশের অনুলিপি চেয়ে ২২ সেপ্টেম্বর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়। এতে ফল না পেয়ে আদেশের অনুলিপি সরবরাহে নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে ও জামিন চেয়ে ২৭ অক্টোবর রিট করেন অলি উল্লাহ।

আইনজীবী সূত্র বলছে, রাজধানীর ফকিরাপুল-আরামবাগ এলাকার রাস্তা থেকে গত ১৮ সেপ্টেম্বর আটক করা হয় ব্যবসায়ী মো. সেলিমকে। সেদিন নির্বাহী হাকিমের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত সেলিমকে ছয় মাসের কারাদণ্ড দেন। আপিল করার জন্য ওই আদেশের অনুলিপি চেয়ে জেলা ম্যাজিস্ট্রেটের (জেলা প্রশাসক) সংশ্লিষ্ট দপ্তরে দরখাস্ত করার পর ফল না পেয়ে চলতি সপ্তাহে রিট করেন সেলিম।

সেলিম বর্তমানে কারাগারে রয়েছেন বলে জানান তার আইনজীবী হুমায়ুন কবির মঞ্জু। তিনি প্রথম আলোকে বলেন, নিয়ম অনুসারে ভ্রাম্যমাণ আদালতের সাজার বিরুদ্ধে জেলা ম্যাজিস্ট্রেটের (জেলা প্রশাসক) কাছে আপিল করার সুযোগ আছে। এ জন্য ভ্রাম্যমাণ আদালতের দণ্ডাদেশের সত্যায়িত অনুলিপি লাগে। তাই জেলা ম্যাজিস্ট্রেটের সংশ্লিষ্ট দপ্তরে অনুলিপির জন্য একাধিক বার আবেদন করা হয়। ওখানে অনুলিপি না পেয়ে রিটটি করেন সেলিম।

এ ছাড়া মাদক সেবনের ঘটনায় গত ১৯ সেপ্টেম্বর আলমগীর হোসেন নামের এক ব্যক্তিকে ছয় মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। এই আদেশের অনুলিপি না পেয়ে তার ভাই রুহুল আমিন গত রোববার রিট করেন। রুহুল আমিনের আইনজীবী ফখরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ভ্রাম্যমাণ আদালতের দণ্ডাদেশের প্রত্যয়িত অনুলিপি পেতে গত ২০ সেপ্টেম্বর ঢাকার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের দপ্তরে আবেদন করে আলমগীর। এতে ফল না পেয়ে প্রত্যয়িত অনুলিপি পেতে নির্দেশনা চেয়ে রিটটি করা হয়। হাইকোর্ট রিট নিষ্পত্তি করে পাঁচ কার্যদিবসের মধ্যে সত্যায়িত অনুলিপি দিতে নির্দেশ দিয়েছেন।