বাল্যবিবাহের অভিযোগে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় গত রোববার বর ও ঘটককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই দিন লালমনিরহাটে ১২ জুয়াড়ি ও এক মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, রোববার রাতে সদরের এক মেয়ের (১৩) সঙ্গে সাদুল্যাপুরের তরফপাহাড়ি গ্রামের এক তরুণের (২০) বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হয়। খবর পেয়ে রাত নয়টার দিকে পুলিশ কনের বাড়িতে অভিযান চালিয়ে বর ও বিয়ের ঘটক পলাশবাড়ীর উদয়সাগর গ্রামের মোস্তাফিজার রহমানকে (৩৫) আটক করে থানায় নিয়ে যায়। ওই দিন রাত ১০টার দিকে তাঁদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।
পরে পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ তোফাজ্জল হোসেন ওই আদালত পরিচালনা করেন। এ সময় আদালত বরকে ১০ দিন ও মোস্তাফিজারকে এক মাসের কারাদণ্ড দেন। গতকাল সোমবার তাঁদের কারাগারে পাঠানো হয়।
ইউএনও মোহাম্মদ তোফাজ্জল হোসেন বর ও ঘটককে শাস্তি দেওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে রোববার রাতে লালমনিরহাট পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের মাঝাপাড়ার শাহজাহান আলীর বাড়িতে জুয়া খেলার সময় ১২ জনকে আটক করে পুলিশ।
পরে ভ্রাম্যমাণ আদালতে তাঁদের হাজির করা হলে সদর উপজেলার ইউএনও মো. শফিকুল ইসলাম তাঁদের প্রত্যেককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। তাঁরা হলেন: পৌর এলাকার মাঝাপাড়া গ্রামের জহুরুল হক, আশরাফুল হক, নুরনবী ইসলাম, তাজুল ইসলাম; ভাতরীর এলাকার আবুল হোসেন, আবু বক্কর; উচাটারীর আব্বাস আলী, সাইফুল ইসলাম; নামাটারীর সৈয়দ আলী, এন্তাজ আলী; পূর্ব থানাপাড়ার মোসলেম উদ্দিন এবং সদর উপজেলার ধাইর খাতাগ্রামের আবদুল খালেক।
একই দিন রাতে মাদক সেবনের দায়ে পৌর এলাকার বাদুল্লাটারীর তারেক হাসানকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন ইউএনও শফিকুল ইসলাম। রোববার রাতেই ওই ১৩ জনকে জেলা কারাগারে পাঠানো হয়।
ইউএনও মো. শফিকুল ইসলাম ১২ জুয়াড়ির প্রত্যেককে সাতদিন করে ও এক মাদকসেবীকে তিন মাসের কারাদণ্ড দেওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।