ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বাঁধ উচ্ছেদ ১০ মণ পোনা জব্দ
মাদারীপুর সদর ও শিবচর উপজেলার মধ্য দিয়ে বহমান বিল পদ্মায় গতকাল মঙ্গলবার সকালে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছেন। এ সময় অবৈধ বাঁধ উচ্ছেদ, পোনা জব্দ ও ইজারাদারকে সাত হাজার টাকা জরিমানা করা হয়েছে।সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, গতকাল সকাল থেকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপুল চন্দ্র বিশ্বাস ও উপজেলা মৎস্য কর্মকর্তা মনিরুল মামুন পুলিশের একটি দল নিয়ে বাঁশকান্দির বিল পদ্মা নদী ও সংযুক্ত শাখা নদীতে অভিযান চালান। এ সময় অধিকাংশ জেলে পালিয়ে যায়। পরে ১০টি অবৈধ বাঁধ উচ্ছেদ এবং জাল জব্দ করা হয়। এসব বাঁধ থেকে কমপক্ষে ১০ মণ পোনা মাছ আটক করে অবমুক্ত করা হয়। আদালত এরপর নদীসংলগ্ন সেখপুর বাজারে অভিযান চালিয়ে বিক্রির সময় প্রায় তিন মণ পোনা মাছ জব্দ করে। পোনা মাছ বিক্রির অপরাধে ইজারাদার নুরুজ্জামান দড়ানিকে সাত হাজার টাকা জরিমানা করা হয়।