ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খাল দখলমুক্ত
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের একটি খাল অবৈধ দখলদারদের কবল থেকে মুক্ত করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে খালটির দখল হওয়া অংশের স্থাপনা উচ্ছেদ করা হয়। আদালত সূত্রে জানা গেছে, দুই মাস আগে উপজেলার রুটি গ্রামের সাদেক হোসেন, রুহুল আমীন, শাহ আলম, রফিকুল ইসলাম, আলী আকবর, আবুল হোসেনসহ আরও কয়েকজন রুটি খালটি ভরাট করেন। ফলে খাল দিয়ে পানির প্রবাহ বন্ধ হয়ে যায়। খালের দুই পাশে জলাবদ্ধতার সৃষ্টি হয়। ব্যাহত হয় প্রায় দেড় শ বিঘা জমির চাষাবাদ। এতে গ্রামবাসী ক্ষুব্ধ হয়ে ওঠে। এ নিয়ে গ্রামবাসীর পক্ষে আবদুল মতিন ভূঁইয়া স্থানীয় প্রশাসনের কাছে অভিযোগ করেন। পরে প্রশাসন কয়েক দফায় খালটি দখলমুক্ত করার উদ্যোগ নেয়। তবে দখলদারেরা প্রভাবশালী হওয়ায় সেই উদ্যোগ সফল হয়নি। গতকাল আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবুল হাশেমের নেতৃত্বে ব্রাহ্মণবাড়িয়ার নির্বাহী ম্যাজিস্ট্রেট জহিরুল হক ও হুমায়ূন কবীরসহ ভ্রাম্যমাণ আদালত খাল থেকে একটি টিনের ঘর এবং বালু ও মাটি সরিয়ে এটি দখলমুক্ত করেন। ইউএনও মোহাম্মদ আবুল হাশেম বলেন, ‘পুরাতন রেকর্ডভুক্ত খালটি একটি মহল অবৈধভাবে দখল করে রেখেছিল। এখন দখলমুক্ত করা হয়েছে। এর পরও কেউ খালটি দখলের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’