ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দেড় লাখ টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে দুটি ভ্রাম্যমাণ আদালত গতকাল সোমবার নগর ও জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রায় দেড় লাখ টাকা জরিমানা করেছেন।বিএসটিআইয়ের মান নিয়ন্ত্রণে ব্যর্থতা এবং ওজনে কম দেওয়ার অভিযোগে এ অর্থ জরিমানা করা হয়। গতকাল সকালে নগরের বিবিরহাট এলাকায় মসলা উৎপাদনকারী কয়েকটি মিল কারখানায় অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এ সময় মসলায় খাদ্যে ব্যবহার নিষিদ্ধ রং ব্যবহারের অভিযোগে ইব্রাহিম মসলা ফ্যাক্টরি নামের একটি কারখানা বন্ধ করে দেওয়া হয়। আকতার হোসেন মরিচের কলে অবৈধভাবে বিএসটিআইয়ের মানচিহ্ন ব্যবহারের দায়ে ২০ হাজার টাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে মসলা উৎপাদনের জন্য ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।এ ছাড়া অনুমতি না নিয়ে বিএসটিআইয়ের মানচিহ্ন ব্যবহারের দায়ে হরিণ মার্কা মসলা কারখানাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। বিএসটিআইয়ের উদ্যোগে পরিচালিত ভেজালবিরোধী এ অভিযানের নেতৃত্ব দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাহী হাকিম জয়নাল আবদীন। একই আদালত নগরের বক্সিরহাট এলাকায় মাছ, মাংস, মুরগির দোকানে বাটখারার ওজনে কম থাকায় তিনটি দোকানকে ছয় হাজার টাকা জরিমানা করেন। এ ছাড়া রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে পরিচালিত আরেকটি ভ্রাম্যমাণ আদালত অবৈধভাবে বিএসটিআইয়ের মানচিহ্ন ব্যবহারের দায়ে লক্ষ্মীপুর ডিপার্টমেন্ট স্টোর, শাহ লতিফ রোড, মিক্স ফুট ড্রিংকসকে সর্বমোট ৫০ হাজার টাকা জরিমানা করেন।