ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নয় লাখ টাকা জরিমানা
গাজীপুরে মিটার জালিয়াতি (টেম্পারিং) করে অবৈধ বিদ্যুৎ-সংযোগ নেওয়ার অপরাধে আটজন গ্রাহকের কাছ থেকে প্রায় নয় লাখ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। স্থানীয় পল্লী বিদ্যুৎ কার্যালয় সূত্রে জানা গেছে, গত বুধবার সন্ধ্যা থেকে রাত নয়টা পর্যন্ত গাজীপুর পৌরসভাধীন রথখোলা, পূর্ব চান্দনা, ছোট দেওরা, পূর্ব ভূরুলীয়া, ভারারুল ও লক্ষ্মীপুরা এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালান। এ সময় অবৈধ বিদ্যুৎ-সংযোগ ব্যবহারের অপরাধে আদালত আটজনের কাছ থেকে আট লাখ ৮০ হাজার টাকা জরিমানা আদায় করেন। জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজিনা সারোয়ার ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন। অভিযানে রথখোলা এলাকার আবু মিয়াকে এক লাখ ২৩ হাজার টাকা, পূর্ব চান্দনার অসিম উদ্দিনকে ৯১ হাজার টাকা, ছোট দেওরা গ্রামের জাহিদুল ইসলামকে ৩৯ হাজার টাকা, পূর্ব ভূরুলীয়া গ্রামের ফাতেমা বেগমকে ৭১ হাজার ও আবদুল খালেককে ১০ হাজার টাকা, ভারারুল গ্রামের মনির হোসেনকে চার লাখ টাকা, জয়দেবপুর বাজারের মেসার্স রাজ্জাক ব্রাদার্সের স্বত্বাধিকারীকে ৪৪ হাজার টাকা ও লক্ষ্মীপুরা গ্রামের মোফাজ্জল হোসেনকে এক লাখ টাকা জরিমানা করা হয়। ইয়াবাসহ দুজন গ্রেপ্তার: জেলার সদর উপজেলার মুগরখাল এলাকা থেকে এক হাজার ২৭৩টি ইয়াবা ও দুই লাখ ৪০ হাজার টাকাসহ গত বুধবার দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছেন র্যাব-১-এর সদস্যরা। গ্রেপ্তারকৃতরা হলেন: মুগরখাল এলাকার আবদুল হক ওরফে হক্কা (৫০) ও কক্সবাজার জেলার রামু উপজেলার ফলেডেল গ্রামের মো. কলিম উদ্দিন (৩০)।