ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বাধা, ৫ ঘণ্টা দোকানপাট বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুরে গতকাল রোববার ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বাধা দিয়েছেন কয়েকজন ব্যবসায়ী। এ ঘটনায় শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখে আদালতের বিরুদ্ধে বিক্ষোভ করেন। প্রায় পাঁচ ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, ফরমালিন শনাক্ত করতে গতকাল সকালে এলাকার ফলের দোকানগুলোতে ভ্রাম্যমাণ আদালত অভিযান শুরু করেন। এ সময় বিভিন্ন দোকানের আপেল, চেরিসহ নানা ফলে ব্যাপক মাত্রার ফরমালিন ধরা পড়ে। দোকানগুলোকে সাড়ে ২৭ হাজার টাকা জরিমানা করা হয়। স্থানীয় মাছের বাজারেও আদালত অভিযান চালান। তবে কোনো মাছে ফরমালিন পাওয়া যায়নি।ব্যস্ত সড়ক দখল করে পণ্য বেচাকেনার অপরাধে বিউটি সাইকেল স্টোরের মালিক আলতাফ হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা করা হলে ঘটে বিপত্তি। ওই ব্যবসায়ী নিজেকে সিআইপি (ব্যবসায়িক গুরুত্বপূর্ণ ব্যক্তি) দাবি করেন এবং তাঁকে অপমান করা হয়েছে বলে চিৎকার করতে থাকেন। এ সময় তাঁর ইন্ধনে শত শত ব্যবসায়ী দোকানপাট বন্ধ করে রাস্তায় নেমে আসেন। তাঁরা ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বদানকারী সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলামের গাড়ি আটকে দেন। ব্যবসায়ীরা ভ্রাম্যমাণ আদালতের ওপর মারমুখী হয়ে উঠলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।জেলা ও সৈয়দপুর উপজেলা শিল্প-বণিক সমিতির নেতারা বিকেলে ইউএনওর সঙ্গে সাক্ষাৎ করে একটি সমঝোতায় পৌঁছান। এ কারণে পাঁচ ঘণ্টা পর বিকেল পাঁচটার দিকে ব্যবসায়ীরা তাঁদের দোকান খোলেন।ইউএনও বলেন, ‘আমি স্বচ্ছতার সঙ্গে আমার দায়িত্ব পালন করেছি। বিষ মেশানো ফলবিক্রেতাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।’