ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মিনা বাজারকে জরিমানা
চট্টগ্রাম সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত সুপারশপ মিনা বাজারকে খাবার অযোগ্য আঙুর ও মাল্টা বিক্রির অভিযোগে এক লাখ পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন।পবিত্র রমজানে ভেজালবিরোধী কার্যক্রম অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালত অভিযান চালান। জানা যায়, চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাহী হাকিম জয়নাল আবদীন আদালত পরিচালনা করেন। বিএসটিআইর কর্মকর্তারা এতে সহযোগিতা করেন। এক প্রেস বিজ্ঞপ্তিতে বিএসটিআই জানায়, গতকাল দুপুরে নগরের ষোলশহর এলাকায় অবস্থিত সুপারশপ মিনা বাজারে অভিযান চালানো হয়। অভিযান শেষে খাবার অযোগ্য আঙুর ও মাল্টা ধ্বংস করা হয়। এ ছাড়া ব্রাহ্মণবাড়িয়া জেলার বিসিক শিল্প নগরে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবির অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ঝুড়িতে লাচ্ছা সেমাই উৎপাদন ও বিক্রির অপরাধে বিছমিল্লাহ ফুড প্রোডাক্টস ও ইউসুফ ফুড প্রোডাক্টস নামের দুই প্রতিষ্ঠানকে এক লাখ টাকা করে মোট দুই লাখ টাকা জরিমানা করেন।