
ভ্রাম্যমাণ আদালতের আওতা বাড়িয়ে পাহাড় কাটাসহ আরও কিছু অপরাধের শাস্তির ক্ষমতা ও আইনগত এখতিয়ার বাড়ানোর প্রস্তাব দিয়েছেন জেলা প্রশাসকেরা (ডিসি)। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী নিয়োগে অনিয়ম-দুর্নীতি বন্ধে বিদ্যমান পরিচালনা কমিটির পরিবর্তে সরকারি নিয়োগ কমিটির মাধ্যমে নিয়োগেরও প্রস্তাব দিয়েছেন তাঁরা।
তিন দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনের শুরুর দিনে গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রীর কাছে বেশ কিছু প্রস্তাব তুলে ধরেন মাঠপর্যায়ে সরকারের প্রতিনিধি হিসেবে কাজ করা ডিসিরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিছু প্রস্তাব তাৎক্ষণিকভাবে ইতিবাচক উল্লেখ করে সেগুলো বাস্তবায়নের আশ্বাস দেন। আর কিছু বিষয় পরে পর্যালোচনা করে ব্যবস্থা নেবেন বলে জানান।
পাশাপাশি প্রধানমন্ত্রী ডিসিদের সরকারি সেবা গ্রহণে সাধারণ মানুষ যাতে হয়রানি ও বঞ্চনার শিকার না হন, সেদিকে দৃষ্টি রাখাসহ ২৪টি নির্দেশনা দিয়েছেন। গতকাল রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গেও দেখা করেছেন ডিসিরা।
ডিসিদের প্রস্তাব: একাধিক ডিসি ও ডিসি সম্মেলনের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন সরকারি কর্মকর্তা প্রথম আলোকে বলেন, উদ্বোধনী অনুষ্ঠানের পরে ডিসিরা প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে মুক্ত আলোচনায় অংশ নেন। সেখানে চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন চট্টগ্রামে পাহাড় কাটার সমস্যাটি তুলে ধরে বলেন, ভ্রাম্যমাণ আদালত আইনে পাহাড় কাটার অপরাধ দেখার জন্য ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সুযোগ নেই। এই অপরাধ ভ্রাম্যমাণ আদালতের আওতায় আনা গেলে পাহাড় কাটা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব হতো।
এ ছাড়া সম্মেলন শুরুর আগেই লিখিতভাবে ডিসিরা যেসব প্রস্তাব দিয়েছেন তাতে চুরি, প্রতারণাসহ দণ্ডবিধির আরও বেশ কিছু ধারা ভ্রাম্যমাণ আদালত আইনে অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে।
২০০৯ সালে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করার পর জেলা ম্যাজিস্ট্রেটসহ (ডিসি) সব নির্বাহী ম্যাজিস্ট্রেটের বিচারিক ক্ষমতা রদ করা হয়। তবে তাঁদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নির্ধারিত কিছু বিষয়ে নির্দিষ্ট পরিমাণ শাস্তি দেওয়ার ক্ষমতা দেওয়া হয়। কিন্তু অভিযুক্ত ব্যক্তি দোষ স্বীকার না করলে শাস্তি দেওয়া যায় না। এ জন্য বিভিন্ন সময় অপরাধ আমলে নিয়ে বিচারিক ক্ষমতা চেয়ে আসছেন তাঁরা।
সভায় মানিকগঞ্জের ডিসি বলেন, বর্তমানে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী নিয়োগ হয় পরিচালনা কমিটির মাধ্যমে। কিন্তু এতে দুর্নীতি ও স্বজনপ্রীতি হয়। এ জন্য তিনি জেলা পর্যায়ে সরকারি কমিটির মাধ্যমে এই নিয়োগের প্রস্তাব করেছেন।
বিকেলে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত আলোচনায় ডিসিরা এই সমস্যাটির প্রসঙ্গ উত্থাপন করলে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছেন বলে জানান। এ জন্য সরকারি কর্মকমিশনের (পিএসসি) মতো একটি প্রতিষ্ঠান করার কাজ চলছে।
প্রধানমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠিত মুক্ত আলোচনায় উপস্থিত একটি সূত্র জানায়, বৈঠকে ঢাকা জেলার প্রশাসক তোফাজ্জল হোসেন মিয়া ভূমি জরিপ, রেজিস্ট্রেশন ও ব্যবস্থাপনা—এ তিনটি বিভাগের কাজ অটোমেশন করার প্রস্তাব দেন। প্রধানমন্ত্রী সঙ্গে সঙ্গে বলেন, এই প্রস্তাবটি খুবই ভালো। এর আগে এবারের সম্মেলন সামনে রেখে ডিসিদের পক্ষ থেকে এই তিনটি বিভাগকে একই মন্ত্রণালয় বা বিভাগের অধীনে আনার জন্য লিখিত প্রস্তাব দেওয়া হয়।
সভায় সাতক্ষীরার ডিসি আবাসন ও গাড়ি কেনার ঋণ-সুবিধা বাড়ানোর প্রস্তাব দেন। আরেকজন জেলা প্রশাসক সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য রেশনিং ব্যবস্থা চালুর প্রস্তাব দেন। হবিগঞ্জের জেলা প্রশাসক বিশেষ অর্থনৈতিক অঞ্চল করার প্রস্তাব দেন।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, গতবারের সম্মেলনে উদ্বোধনের পর প্রধানমন্ত্রীর সঙ্গে একান্ত আলোচনার সুযোগ রাখা হতো। কিন্তু গেলবার একান্ত আলোচনায় নানা ধরনের বক্তব্য দেওয়ায় এবার একান্ত আলোচনার পরিবর্তে মুক্ত আলোচনার বিধান রাখা হলেও তাও ছিল সীমিত আকারের। আগে থেকেই ঠিক করে দেওয়া, কারা কারা বক্তব্য দেবেন।
প্রধানমন্ত্রীর ২৪ দফা নির্দেশ: সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ডিসি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের স্বার্থ রক্ষায় ভয়ভীতি ও লোভ-লালসার ঊর্ধ্বে থেকে অর্পিত দায়িত্ব পালনে জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছেন। সব মিলিয়ে মোট ২৪টি নির্দেশনা দেন তিনি।
প্রধানমন্ত্রী তৃণমূল পর্যায়ে সুশাসন প্রতিষ্ঠায় জেলা প্রশাসকদের স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখে কাজ করার নির্দেশ দেন। কেন্দ্রীয়ভাবে নেওয়া সিদ্ধান্ত মাঠপর্যায়ে দ্রুত বাস্তবায়নেরও তাগিদ দেন তিনি। প্রধানমন্ত্রী নিজ নিজ এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা ও কৃত্রিম সংকট তৈরি করে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির চেষ্টা রুখে দেওয়ারও নির্দেশ দেন।
উদ্বোধনী অনুষ্ঠানে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমত আরা সাদেক, মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা, খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুল জলিল, মাদারীপুরের জেলা প্রশাসক জি এস এম জাফরুল্লাহ, রাঙামাটির জেলা প্রশাসক মোস্তফা কামাল এবং পঞ্চগড়ের জেলা প্রশাসক এম সালাউদ্দিন বক্তব্য দেন।
গতকাল শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, অর্থ মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রীর কার্যালয়-সম্পর্কিত বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।