ভ্রাম্যমাণ আদালতের আরও ক্ষমতা চান ডিসিরা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চোরাচালান রোধ ও সীমান্তের সার্বিক নিরাপত্তা জোরদার করতে বাংলাদেশের সীমান্তের অভ্যন্তরে রিং রোড করতে হবে। ইয়াবা, ফেনসিডিলের মতো মাদকদ্রব্যের কিছু পরিমাণ পর্যন্ত বিচার করার ক্ষমতা ভ্রাম্যমাণ আদালত আইনের আওতায় আনতে হবে, করতে হবে বিধিমালা। খাস ও অন্যান্য সরকারি জমি বিধিবহির্ভূতভাবে দখল ঠেকাতে ব্যবস্থা নিতে হবে।
এ রকমভাবে সারা দেশের ২৫৩টি সমস্যা চিহ্নিত করেছেন দেশের সাতটি বিভাগের কমিশনার ও ৬৪টি জেলার জেলা প্রশাসকেরা। ৩৯টি মন্ত্রণালয় সম্পর্কে আলাদাভাবে প্রস্তাব পাঠান তাঁরা। আজ মঙ্গলবার শুরু হওয়া জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন সামনে রেখে তাঁরা এসব সমস্যা সমাধানের জন্য সুনির্দিষ্ট প্রস্তাব পাঠিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগে। আজ সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে তিন দিনব্যাপী ডিসি সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে পরবর্তী অধিবেশনগুলো হবে মন্ত্রিপরিষদ বিভাগে।
মন্ত্রিপরিষদ সূত্রমতে, গত জুন মাসে ভ্রাম্যমাণ আদালতের ক্ষমতা বাড়িয়ে আইনের খসড়া মন্ত্রিসভায় পাস করার পরও এই আদালতের আরও ক্ষমতা চেয়েছেন বিভাগীয় কমিশনার ও ডিসিরা। তাঁরা সবাই নির্বাহী বিভাগের অংশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট।
ঢাকার বিভাগীয় কমিশনারের প্রস্তাবে বলা হয় ইয়াবা, ফেনসিডিল ইত্যাদির ১০০ গ্রাম পর্যন্ত বিচার করার ক্ষমতা ভ্রাম্যমাণ আদালত আইনের আওতায় আনা প্রয়োজন। জেলা ম্যাজিস্ট্রেট (ডিসি) ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের আদালতে সরকারি আইনজীবী নিয়োগ করতে বলেছেন কুমিল্লার ডিসি। এ ছাড়া ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সুবিধার্থে প্রত্যেক জেলা পুলে একটি ডিজেলচালিত ডাবল কেবিন পিকআপ সরবরাহ করার প্রস্তাব করেছেন রাজশাহীর বিভাগীয় কমিশনার এবং গাজীপুর, কিশোরগঞ্জ ও শরীয়তপুরের ডিসি।
জেলা ও উপজেলা পর্যায়ে দপ্তর-প্রধানদের নিজ জেলা ও উপজেলায় পদায়ন না করার প্রস্তাব এসেছে কিশোরগঞ্জের ডিসির কাছ থেকে। জামালপুরের জেলা প্রশাসকের প্রস্তাবে বলা হয়, খাস ও অন্যান্য সরকারি জমি বিধিবহির্ভূতভাবে দখলের ফলে সরকারি সম্পত্তি বেহাত হচ্ছে এবং এসব সম্পত্তি পুনরুদ্ধার কঠিন হয়ে পড়েছে। এ জন্য তিনি জমির বিধিবহির্ভূত দখলকে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করে শাস্তির বিধান রেখে আইন প্রণয়ন করা প্রয়োজন।
গাজীপুরের জেলা প্রশাসকের একটি প্রস্তাবে বলা হয়, বিভিন্ন শিল্প-কারখানার বর্জ্যের কারণে গাজীপুর জেলার প্রায় ৭২২ হেক্টর ফসলি জমি চাষাবাদের অনুপযোগী হয়ে পড়েছে। এ জন্য ওই জেলায় একটি পরিবেশ আদালত চেয়েছেন তিনি। উপজেলা পরিষদের সব দপ্তর তথ্য ও প্রযুক্তিনির্ভর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে দ্রুতগতির ইন্টারনেট সংযোগের প্রস্তাব করেছেন ঝিনাইদহের ডিসি। ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের বিদ্যমান হার বাড়াতে বলেছেন রাজশাহী ও নওগাঁর জেলা প্রশাসক।
নীলফামারীর ডিসির প্রস্তাবে বলা হয়, ভারতের বিভিন্ন এলাকা হতে আসা মুসলমানদের পুনর্বাসনের জন্য মোহাজের কলোনি স্থাপনের লক্ষ্যে দেশের বিভিন্ন এলাকায় বিপুল পরিমাণ জমি অধিগ্রহণ করা হয়েছে। এর মধ্যে অনেক জমি ব্যক্তি মালিকানায় এবং কিছু জমি সরকারের নামে রেকর্ড হয়েছে। এ জন্য তিনি এসব জমির সুষ্ঠু ব্যবস্থাপনা ও যথাযথ ব্যবহার নিশ্চিত করতে নীতিমালা প্রণয়ন করার প্রস্তাব করেছেন।
খাতভিত্তিক প্রস্তাব: যোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত প্রস্তাবে কিশোরগঞ্জের ডিসি বলেছেন, মোটরযান অধ্যাদেশ অনুযায়ী মহাসড়কে নছিমন, করিমন, ভটভটি, ইজিবাইক ইত্যাদি অননুমোদিত যান চলাচল বন্ধ করা যাচ্ছে না।
দুর্ঘটনা বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড় থেকে উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল পর্যন্ত ধীরগতিসম্পন্ন যানবাহনের জন্য পৃথক লেক রেখে ১৯ কিলোমিটার সড়ক চার লেনে উন্নীত করার প্রস্তাব করেছেন সিরাজগঞ্জের ডিসি। রেল দুর্ঘটনা প্রতিরোধকল্পে অতি গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ লেভেল ক্রসিং গেট-বেরিয়ার স্থাপনের প্রস্তাব করেন জামালপুরের ডিসি।
রংপুরের ডিসি বলেছেন, সরকারি মেডিকেল কলেজের তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীরা দীর্ঘদিন ধরে একই হাসপাতালে চাকরি করার কারণে কোনো কোনো ক্ষেত্রে সেবাপ্রত্যাশীরা হয়রানির শিকার হন। এ জন্য কর্মচারীদের আন্তঃবদলি ব্যবস্থা প্রয়োজন। খুলনার ডিসি জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি হাসপাতালগুলোতে অ্যানেসথেটিস্ট পদে নিয়োগের ব্যবস্থা করতে বলেন।
পটুয়াখালীর ডিসি বলেছেন, প্রয়োজনীয় রেডিও সিস্টেম না থাকায় দুর্যোগ চলাকালে গভীর সমুদ্রে অবস্থানকারী জেলেদের সঙ্গে স্থলভাগ থেকে যোগাযোগ সম্ভব হয় না। পাটচাষিদের উৎসাহিত করতে পাটের উপযুক্ত মূল্য নির্ধারণ ও সরকারিভাবে পাট ক্রয়ের প্রস্তাব করেন মানিকগঞ্জের ডিসি।