রংপুরের বদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মুনিরুজ্জামান গত সোমবার দুপুরে পৌর শহরের কাঁচাবাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় তিনি কাঁচাবাজারের কিছু ব্যবসায়ীর কাঠের নিক্তি আটক করে নিজের গাড়িতে তোলেন।গাড়ির নিরাপত্তার দায়িত্বে ছিলেন আনসার-ভিডিপির সদস্য আবেদ আলী (৩৫)। কিন্তু ম্যাজিস্ট্রেটের চোখ ফাঁকি দিয়ে তিনি দুটি কাঠের নিক্তি ১০০ টাকা উৎকোচ নিয়ে ব্যবসায়ীদের ফেরত দেন। এ নিয়ে ব্যবসায়ীদের মধ্যে কানাঘুষা শুরু হলে খবর চলে যায় ইউএনওর কাছে। পরে ক্ষুব্ধ ইউএনও কাঁচামাল ব্যবসায়ী হবিবর রহমান ও আবেদ আলীকে তাঁর কার্যালয়ে ডেকে জিজ্ঞাসাবাদ করে অভিযোগের সত্যতা পান। পরে আবেদ আলীকে তাৎক্ষণিক ২০০ টাকা জরিমানা করেন তিনি।ইউএনও ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্ত আবেদ আলী উপজেলা পরিষদের নৈশ্যপ্রহরী ও আনসার-ভিডিপির সদস্য। তিনি আরও কোনো অনিয়মের সঙ্গে জড়িত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।কাঁচামাল ব্যবসায়ী হবিবর রহমান বলেন, ‘মুই মনে করছু, স্যার (ইউএনও) টাকা নিয়া হয়তো আনসারোক পাল্লা (নিক্তি) ছাড়ি দিবার কইছে। সেই জন্যে টাকা দিয়া পাল্লা ঘুরি নিছু।’