ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের চৌমুহনী কর্ণফুলী বাজারে গতকাল বৃহস্পতিবার সকালে বাজার পর্যবেক্ষণ দলের সদস্যদের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। অভিযান চলাকালে বাজারের মাংস ব্যবসায়ীরা এ হামলা চালান। ঘটনার সঙ্গে জড়িত মাংসের দোকানি (কসাই) দেলোয়ার হোসেনকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। বিএসটিআই, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথ সহযোগিতায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী হাকিম হাবিবুল হাসান।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গতকাল সকালে কর্ণফুলী বাজারের বিভিন্ন দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের একপর্যায়ে মাংসের দোকানে মূল্যতালিকা না টাঙানোর অপরাধে অভিযুক্ত ব্যবসায়ী দেলোয়ারকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। তিনি টাকা দিতে গড়িমসি করলে পুলিশ তাঁকে গ্রেপ্তারের চেষ্টা করে। এ সময় তিনি পুলিশ সদস্যের ওপর চেয়ার ছুড়ে মারেন। পরে অন্য মাংস ব্যবসায়ীরা তেড়ে আসেন ভ্রাম্যমাণ আদালতের সদস্যদের ওপর। পরে ডবলমুরিং থানার পুলিশ এসে দেলোয়ারকে গ্রেপ্তার করে নিয়ে যায়। নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুল হাসান প্রথম আলোকে বলেন, ‘আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে বাজার কমিটির সহযোগিতা চেয়েছি। তারা দেলোয়ারকে ধরে এনে পুলিশের হাতে সোপর্দ করেছে। সরকারি কাজে বাধা দেওয়ার অপরাধে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।’