ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলাকারীদের শাস্তির দাবি ক্যাবের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধের বিরুদ্ধে অভিযান চালানোর সময় চট্টগ্রাম জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। তা না হলে জনস্বার্থ রক্ষায় প্রশাসনের উদ্যোগ মারাত্মকভাবে ব্যাহত হবে বলে মনে করে সংগঠনটি।
গতকাল বুধবার এক বিবৃতিতে ক্যাব চট্টগ্রামের নেতারা এ দাবি জানান। বিবৃতিতে স্বাক্ষর করেন ক্যাব কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এস এম নাজের হোসাইন, ক্যাব চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক ইকবাল বাহার ছাবেরী, ক্যাব চট্টগ্রাম মহানগরের সভাপতি জেসমিন সুলতানা, সাধারণ সম্পাদক অজয় মিত্র প্রমুখ।
বিবৃতিতে ক্যাব নেতারা বলেন, অসাধু ব্যবসায়ীদের অন্যায্য দাবির প্রতি মাথানত না করে সরকার ও প্রশাসনের উচিত ভেজাল, নকল, মানহীন ওষুধ ব্যবসার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখা।