ভ্রাম্যমাণ আদালতের কথা শুনে পালালেন বরযাত্রীরা!
নাটোর সদর উপজেলায় বাল্যবিবাহের খবর পেয়ে মেয়ের বাড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানোর খবর পেয়ে রাস্তা থেকেই পালিয়ে গেছে বরযাত্রীর দল। গতকাল শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। পরে আদালতের পরামর্শে বরযাত্রীদের জন্য রান্না করা খাবার স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়।
সদর সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয় সূত্রে জানা যায়, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে সহকারী কমিশনার ও নির্বাহী হাকিম ফারজানা খানমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত গতকাল বেলা দুইটায় ওই বিয়েবাড়িতে যান। সেখানে ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক মাদ্রাসাছাত্রীর বিয়ের সব আয়োজন সম্পন্ন করা হয়েছিল। এ সময় আদালত বিয়ের আয়োজন বন্ধ করে দেন। মেয়েটি প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত তার অভিভাবক ও স্থানীয় ইউপি সদস্যদের কাছ থেকে এই বিয়ে বন্ধ থাকবে মর্মে অঙ্গীকারনামা নেওয়া হয়। এদিকে মেয়ের বাড়িতে যখন এসব চলছিল, তখন বরপক্ষ মেয়ের বাড়ির কাছাকাছি পৌঁছে খবর পেয়ে পালিয়ে যায়।
নির্বাহী হাকিম ফারজানা খানম বিয়ে বন্ধ করার বিষয়টি নিশ্চিত করে বলেন, বরযাত্রীদের জন্য রান্না করা খাবার এক এতিমখানায় বিতরণ করা হয়েছে।