মৌলভীবাজারে অবৈধভাবে গাড়ি পার্কিংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গিয়ে গতকাল রোববার পরিবহনশ্রমিকদের বাধার মুখে পড়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় পুলিশের সঙ্গে পরিবহনশ্রমিকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে একজন পুলিশ কর্মকর্তাসহ তিনজন আহত হয়েছে। পুলিশ ১৩ জন শ্রমিককে আটক করেছে। পুলিশ জানায়, অবৈধভাবে গাড়ি পার্কিংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে সালমা তানজিয়ার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের একটি দল সকালে শহরের কোর্ট রোড এলাকায় যান। কিন্তু কার-মাইক্রোবাস শ্রমিকেরা আদালতের কাজে বাধা দেন। আদালতের কাজে বাধা দেওয়ার অপরাধে পুলিশ চার শ্রমিককে আটক করে থানায় নিয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, আটক শ্রমিকদের মুক্তির দাবিতে কার-মাইক্রোবাস শ্রমিকেরা দুপুর সাড়ে ১২টার দিকে কোর্ট রোড এলাকায় এলোপাতাড়ি গাড়ি রেখে সড়ক অবরোধ করেন। পুলিশ গিয়ে অবরোধ তুলে নেওয়ার অনুরোধ জানায়। কিন্তু শ্রমিকেরা অবরোধ তুলে না নিয়ে মিছিল করে ও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশ সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) পরিমল চন্দ্র দেব ও স্থানীয় দোকান কর্মচারী রাজন পাল আহত হন। গুরুতর আহত রাজন পালকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইউএনও প্রথম আলোকে বলেন, যানজট নিরসনে অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে শান্তিপূর্ণভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। কিন্তু শ্রমিকেরা তাতে বাধা দেন। তিনি বলেন, শ্রমিকদের একাধিকবার অবৈধ পার্কিংয়ের ব্যাপারে সতর্ক করে দেওয়া হয়েছে। কিন্তু তাঁরা শুনছেন না।সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান জানান, ঘটনাস্থল থেকে চৌমোহনা কার-মাইক্রোবাস স্ট্যান্ডের সাধারণ সম্পাদক মিছবাহ উদ্দিন খানসহ ১৩ জন শ্রমিক ও নয়টি গাড়ি আটক করা হয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।