সিরাজগঞ্জ সদর উপজেলার বিয়ারা গ্রাম এলাকার যমুনা নদীর পশ্চিম তীর এলাকায় অবৈধভাবে বালু তোলা ও মাটি কাটার দায়ে ভ্রাম্যমাণ আদালত গতকাল বুধবার অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন।জেলা প্রশাসন ও এলাকাবাসী জানায়, এক মাস ধরে সদর উপজেলার যমুনা নদীর পশ্চিম তীরসংলগ্ন বিয়ারা চরপাড়ার দুটি স্থানে এবং রামগাতী ও ঠাকুরটেক এলাকায় বিশাল বিশাল গর্ত করে বালি তোলা ও মাটি কাটা হচ্ছে। এর ফলে সৃষ্ট গর্তে নদীর পানি প্রবেশ করার সঙ্গে সঙ্গে ভয়াবহ ভাঙন সৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে।সরেজমিনে দেখা গেছে, ৩০ থেকে ৪০ ফুট গর্ত করে মাটি কাটার পর ট্রাকে পরিবহন করা হচ্ছে। প্রতি ট্রাক মাটি ২০০ টাকা দামে ক্রয় করে বিভিন্ন স্থানে ৩০০-৪০০ টাকা দরে বিক্রি করা হচ্ছে। এর জন্য প্রতিদিন অর্ধশত শ্রমিক সার্বক্ষণিক কাজ করে যাচ্ছেন। এ কাজে নেতৃত্ব দিচ্ছে শতাধিক প্রভাবশালীর একটি চক্র।সিরাজগঞ্জ জেলা প্রশাসন কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান বকাউল জানান, বালু তোলা ও মাটি কাটার অভিযোগ পাওয়ার পর গতকাল র্যাব-১২-এর সহায়তায় ঘটনাস্থলে অভিযান চালানো হয়। সেখানে কোনো বালুমহাল না থাকলেও অবৈধভাবে বালু তোলা হচ্ছিল। এ সময় চক্রের সদস্য শাহজাহান আলীকে আটক করা হয়। পরে তাঁকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়। জরিমানা পরিশোধ করার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়। চক্রের অন্য সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য নজরদারি রাখা হচ্ছে বলে জানান তিনি।অন্যদিকে রায়গঞ্জ উপজেলার ফুলজোড় ও ইছামতি নদীর বিভিন্ন স্থান থেকে বালু তুলে ও মাটি কেটে অবাধে বিক্রি করছে প্রভাবশালী একটি মহল। এভাবে বালু তোলা ও মাটি কাটার কারণে আগামী বর্ষায় নদীর তীরবর্তী ফসলি জমি ও বাড়িঘর ভাঙনের কবলে পড়বে বলে স্থানীয় লোকজন আশঙ্কা করছেন। এ বিষয়ে এলাকাবাসী বিভিন্ন দপ্তরে অভিযোগ করেছেন। এ ব্যাপারে রায়গঞ্জের ইউএনও মোহাম্মাদ আবদুল আহাদ বলেন, অভিযোগ পাওয়ার পরই খাসজমি থেকে (নদী) বালু তোলা ও মাটি কাটা বন্ধ করে দেওয়া হয়েছে।