ভ্রাম্যমাণ আদালতের নামে নির্যাতন, থানা ঘেরাও
বগুড়ার শেরপুর পৌর শহরের উত্তরবাহিনী মহাশ্মশানের সাধারণ সম্পাদক চন্দন কুমার দাসকে (৩৫) পুলিশের নির্যাতন ও থানায় আটক রাখাসহ ভ্রাম্যমাণ আদালতের বিরুদ্ধে স্থানীয় জনগণকে লাঞ্ছনার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় স্থানীয় জনতা গতকাল রোববার প্রায় আড়াই ঘণ্টা শেরপুর থানা চত্বর ঘেরাও করে রাখে।
ওই শ্মশান সংস্কারের জন্য গতকাল দুপুরে পার্শ্ববর্তী করতোয়া নদী থেকে শ্যালো মেশিন দিয়ে বালু তোলার সময় ভ্রাম্যমাণ আদালতের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়েন শ্মশান কমিটির লোকজন। পরে তা স্থানীয় লোকজনের মধ্যে ছড়িয়ে পড়ে। এরই জের ধরে ক্ষুব্ধ স্থানীয় লোকজন উপজেলার সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ও ভাঙচুর করেন বলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফিরুজুল ইসলাম দাবি করেন। ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেছিলেন এই ভূমি কর্মকর্তা ফিরুজুল ইসলাম।
পুলিশের নির্যাতনের শিকার চন্দন কুমার দাস ওই শ্মশান কমিটির নেতা হওয়ার পাশাপাশি উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক এবং পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।
থানা ঘেরাওয়ের ঘটনায় গতকাল বেলা তিনটায় বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুজ্জামান ফারুকী শেরপুর থানায় যান। তিনি দোষী পুলিশ সদস্যদের শাস্তির আশ্বাস দিলে ক্ষুব্ধ এলাকাবাসী থানা চত্বর ত্যাগ করেন। বিকেল পৌনে চারটায় চন্দন কুমারকে পুলিশ ছেড়ে দেয়।
পুলিশি নির্যাতনে আহত শহরের উত্তর সাহাপাড়ার বাসিন্দা রতন কর্মকার বলেন, প্রতিবছরই বন্যায় শ্মশানটি ভাঙে। তাই কয়েক দিন আগে শ্মশান কমিটির সভায় পাশের করতোয়া নদী থেকে বালু তুলে শ্মশানটি সংস্কারে পদক্ষেপ নেওয়া হয়। এ জন্যই নদী থেকে বালু তোলা হচ্ছিল। বালু তোলার কথা মৌখিকভাবে তাঁরা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে অবগত করেন। কিন্তু গতকাল বেলা একটায় আকস্মিকভাবে ভূমি কর্মকর্তা ফিরুজুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ এসে বালু তোলা বন্ধ করে দেয়।
এ খবর পেয়ে শ্মশান কমিটির সাধারণ সম্পাদক চন্দন কুমার ও তিনিসহ ১০-১২ জন বালু তোলার জায়গায় ছুটে যান। বিষয়টি নিয়ে ভূমি কর্মকর্তার সঙ্গে কথাবার্তার একপর্যায়ে অযাচিতভাবে ভূমি কর্মকর্তার সঙ্গে থাকা এসআই আরিফুল ইসলামের নির্দেশে পুলিশ সদস্যরা তাঁদের সঙ্গে মারমুখী আচরণ করেন। এর প্রতিবাদ করলে ভূমি কর্মকর্তার নির্দেশে পুলিশ চন্দন কুমারকে বেধড়ক পিটিয়ে টেনেহিঁচড়ে পুলিশের গাড়িতে তোলে। এ সময় স্থানীয় লোকজন বাধা দিলে পুলিশ এলোপাতাড়ি মারধর করে।
এসআই আরিফুল ইসলাম অবশ্য মারধরের অভিযোগ অস্বীকার করেছেন। তবে থানা-পুলিশের নাম প্রকাশে অনিচ্ছুক অপর এক পুলিশ কর্মকর্তা চন্দন কুমারসহ স্থানীয় লোকজনকে লাঞ্ছিত করার কথা নিশ্চিত করেছেন।
উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি শেরপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর গোবিন্দ বাগচি বলেন, শ্মশানটি কমপক্ষে দুই শ বছরের পুরোনো। পুরোনো এই শ্মশানটি সংস্কারে নদী থেকে বালু তোলা নিয়ে ভ্রাম্যমাণ আদালত এভাবে পুলিশ দিয়ে চন্দন কুমারকে পেটানোয় এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে ওঠেন। এ ঘটনার প্রতিবাদে তাঁরা থানা ঘেরাও করেন। তবে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে। উপজেলা ভূমি কার্যালয়ে ভাঙচুর প্রসঙ্গে তিনি বলেন, কারা এ হামলা চালিয়ে ভাঙচুর করেছে, তা তাঁর জানা নেই।
এদিকে ভূমি কর্মকর্তা ফিরুজুল ইসলাম অভিযোগ করেন, ইউএনওর নির্দেশে তিনি করতোয়া নদী থেকে যে জায়গায় বালু তোলা হচ্ছিল, সেখানে গিয়ে সংশ্লিষ্ট চন্দন কুমারকে বালু তুলতে নিষেধ করেন। এ সময় চন্দন কুমার তাঁকে হুমকি দেন। পরে এলাকাবাসী তাঁর কার্যালয়ে হামলা চালান। হামলার সময় তিনি কার্যালয়ে ছিলেন না। তাঁর অধীনস্তরা হামলার খবর দেন তাঁকে। এতে কার্যালয়ে প্রায় দুই লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে বলে ভূমি কর্মকর্তা দাবি করেন।
তবে উপজেলা পূজা উদ্যাপন পরিষদ নেতা গোবিন্দ বাগচি বলেন, কারা উপজেলা ভূমি কার্যালয়ে ভাঙচুর করেছে, তা তাঁর জানা নেই।
ইউএনও এ কে এম সরোয়ার জাহান বলেন, শ্মশান সংস্কারের জন্য নদী থেকে বালু তোলার বিষয়টি তাঁর জানা ছিল না। তবে শ্যালো মেশিন দিয়ে বালু তোলা নিয়ে স্থানীয় কিছু ব্যক্তি তাঁর দপ্তরে লিখিতভাবে অভিযোগ করেছিলেন বলে জানান তিনি।