ভ্রাম্যমাণ আদালতের ভয় দেখানো হলো ভোটারকে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ভোট দিতে গিয়ে আমি রীতিমতো বিপদে পড়ে যাই। আমাকে বলা হয়, আমি নাকি জাল ভোট দিতে এসেছি। ভ্রাম্যমাণ আদালতের কাছে তুলে দেওয়ার হুমকি দেওয়া হয়। জাল ভোট দিতে যাওয়ার দায়ে আমার দুই বছর সাজা হবে বলেও ভয় দেখানো হয়।’
কথাগুলো মোহাম্মদ হোসেন নামের এক ভোটারের। তিনি চট্টগ্রামের পতেঙ্গা বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে গিয়েছিলেন। বেলা ১১টার দিকে ভোট দিতে যান মোহাম্মদ হোসেন। তিনি বলেন, ‘আমি, আমার ভাই ও চাচা ভোট দিতে যাই। প্রথমে আমার ভাই ও চাচাকে জানানো হয়, তাঁদের ভোট আগেই দেওয়া হয়ে গেছে। তাঁরা ভোটকেন্দ্র ছেড়ে চলে যান। এরপর আমি ৫ নম্বর বুথে ভোট দিতে যাই।’
এ সম্পর্কে ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আশেক এলাহী বলেন, ‘বিষয়টি আমি ঠিক জানি না। সহকারী প্রিসাইডিং কর্মকর্তা বলতে পারবেন।’
সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ফাতেমা আক্তারের কাছে গেলে তিনি ব্যালট বই আড়াল করে রাখেন। অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তিনি কিছু বলেননি। পোলিং কর্মকর্তা ফজিলাতুন্নাহার বলেন, ‘কী করার আছে। ভোট তো কেউ দিয়ে গেছে।’
আশেক এলাহী জানান, এই কেন্দ্রে ভোটার সংখ্যা ২ হাজার ৯৫২ জন। সকাল ১০টার মধ্যে ১ হাজার ২০০ ভোট পড়ে। তিনি জানান, কিছু সমস্যার কারণে ওই কেন্দ্রে প্রায় আধা ঘণ্টা ভোট গ্রহণ বন্ধ ছিল।
ওই কেন্দ্রের আরও কয়েকজন ভোটারের অভিযোগ, তাঁদের ভোটকেন্দ্রে ঢুকতে দেওয়া হচ্ছে না। অনেকে অভিযোগ করেন, ভোটকেন্দ্র থেকে তাঁদের জোর করে বের করে দেওয়া হয়েছে।