ঢাকা ও চট্টগ্রামের সব পাইকারি বাজারসহ বিভিন্ন বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে পর্যাপ্ত ভ্রাম্যমাণ আদালত গঠন এবং এর মাধ্যমে বাজার তদারকির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বাণিজ্যসচিব ও খাদ্যসচিব এবং ঢাকা ও চট্টগ্রামের জেলা প্রশাসকের প্রতি এই নির্দেশ দেওয়া হয়েছে।বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ জনস্বার্থে করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার অন্তবর্তীকালীন এ নির্দেশ দেন। নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন হলফনামা আকারে সাত দিনের মধ্যে আদালতে দাখিল করতে বলা হয়েছে।একই সঙ্গে ভ্রাম্যমাণ আদালতের চাহিদা অনুসারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্তসংখ্যক সদস্য দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতেও নির্দেশ দিয়েছেন আদালত।পবিত্র রমজান মাসের আগে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বেআইনিভাবে মূল্যবৃদ্ধি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশনা চেয়ে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে গত রোববার রিটটি করা হয়। রিটে বাণিজ্যসচিব, খাদ্যসচিব এবং ঢাকা ও চট্টগ্রামের জেলা প্রশাসককে বিবাদী করা হয়। আদালতে আবেদনের পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন। শুনানি নিয়ে গতকাল আদালত অন্তর্বর্তীকালীন নির্দেশ দেন এবং রুল জারি করেন।