পবিত্র রমজান মাস সামনে রেখে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবসায়ীদের হয়রানি না করার দাবি জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি, চট্টগ্রাম জেলা শাখা। কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) প্ররোচনায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে হয়রানি করা হয় বলে অভিযোগ করেন ব্যবসায়ী নেতারা। গতকাল সোমবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে ভ্রাম্যমাণ আদালত নিয়ে সমিতির নেতারা তাঁদের মনোভাব তুলে ধরেন।
অবশ্য ব্যবসায়ীদের করা অভিযোগ ভিত্তিহীন বলে জানায় ক্যাব।
গতকালের সংবাদ সম্মেলনে ফুটপাত হকারমুক্ত করা, পচাবাসি খাবার বিক্রি বন্ধ করা এবং অবৈধ মেলা বন্ধ করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার দাবি জানান দোকান মালিক সমিতির নেতারা। এ ছাড়া রমজানে ক্রেতা-বিক্রেতাদের সুবিধার্থে বিভিন্ন সুপারিশ তুলে ধরেন দোকান মালিক সমিতির নেতারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির সভাপতি সালেহ আহমেদ সুলেমান। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ সাগীর, জ্যেষ্ঠ সহসভাপতি মোহাম্মদ সাহাবউদ্দিন, তামাকুমন্ডি লেন বণিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল খালেক, টেরিবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবদুল মান্নান, মিমি সুপার ব্যবসায়ী সমিতির সভাপতি জয়নাল আবেদীন, রেয়াজউদ্দিন বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক এস এম এয়াকুব প্রমুখ।
লিখিত বক্তব্যে বলা হয়, রমজান মাস সামনে রেখে ব্যবসায়ীরা লাখ লাখ টাকা বিনিয়োগ করেন। প্রশাসনও সহযোগিতা করে। তবে কয়েক বছর ধরে রমজান এলেই অস্থিরতা তৈরি হয়। ব্যবসায়ীদের নানামুখী হয়রানিতে পড়তে হয়।
রমজান মাসে বিভিন্ন সংস্থা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করলে ব্যবসায়ীদের দুর্ভোগে পড়তে হয়। ব্যবসায়ীরা রমজানে নিরবচ্ছিন্নভাবে পানি, গ্যাস ও বিদ্যুৎ–সংযোগ নিশ্চিত করা, মার্কেটের নিরাপত্তায় পুলিশ মোতায়েন, চলাচলের পথ ও ফুটপাত হকারমুক্ত করা, ভ্যাটের হার কমানো, অবৈধ মেলা বন্ধ করার দাবি জানান।
সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ সাগীর বলেন, ক্যাবের প্ররোচনায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ক্যাব অনেক সময় প্রশাসনকে ভুল বোঝায়। শুধু রেয়াজউদ্দিন বাজার, খাতুনগঞ্জ ও কাজীর দেউড়ি বাজারে ভ্রাম্যমাণ আদালত সীমাবদ্ধ থাকে।
জ্যেষ্ঠ সহসভাপতি মোহাম্মদ সাহাবউদ্দিন বলেন, ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযোগ করা হয়, দাম বেশি রাখা হয়। পণ্য পরিবহনে চাঁদাবাজি বন্ধ করা হলে পণ্যের দামও কম পড়বে বলে জানান তিনি।
অভিযোগ সম্পর্কে জানতে চাইলে ক্যাবের চট্টগ্রাম বিভাগীয় সভাপতি মো. নাজের হোসাইন বলেন, ব্যবসায়ীরা যে অভিযোগ করছেন, তা ভিত্তিহীন। পাইকারি ও খুচরা দরের তফাত দেখেই ম্যাজিস্ট্রেটরা অভিযান পরিচালনা করেন। অভিযানে সহযোগিতার জন্য কেবল বাজার পর্যবেক্ষণ দলে ক্যাবকে রাখা হয়।