ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় বাধা ও ভাঙচুরের অভিযোগে মামলা
বগুড়ার শেরপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় ‘পুলিশ ফোর্সকে অবরোধ করে’ সরকারি কাজে বাধার অভিযোগে এবং ভূমি কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করার ঘটনায় গতকাল রোববার রাতে দুটি মামলা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফিরুজুল ইসলাম বাদী হয়ে মামলা দুটি করেন।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. এরফান জানান, ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় পুলিশ ফোর্সকে অবরোধ করে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে চন্দন কুমার দাসকে (৪০) প্রধান আসামি করা হয়েছে। এ ছাড়া মামলায় ৩৫০ থেকে ৪০০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে। অপর মামলাটি করা হয়েছে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় ভাঙচুরের ঘটনায়। এ মামলায় ২৫ থেকে ৩০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে।
চন্দন কুমার দাস পৌর শহরের উত্তরবাহিনী মহাশ্মশানের সাধারণ সম্পাদক, পাশাপাশি উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক এবং শেরপুর পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।
শেরপুর পৌর শহরের উত্তরবাহিনী মহাশ্মশানে সংস্কারকাজের জন্য পাশের করতোয়া নদী থেকে বালু তোলা হচ্ছিল। কিন্তু গতকাল দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফিরুজুল ইসলামের নেতৃত্বে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় নদী থেকে বালু উত্তোলন বন্ধ এবং উত্তোলনে ব্যবহৃত দুটি শ্যালো ইঞ্জিনচালিত মেশিন জব্দ করা হয়। এ খবর পেয়ে শ্মশান কমিটির সাধারণ সম্পাদক চন্দন কুমারসহ ১০-১২ জন বালু তোলার জায়গায় ছুটে যান। স্থানীয় লোকজন অভিযোগ করেন, বিষয়টি নিয়ে ভূমি কর্মকর্তার সঙ্গে কথাবার্তার একপর্যায়ে পুলিশ সদস্যরা মারমুখী আচরণ করেন। এর প্রতিবাদ করলে পুলিশ চন্দন কুমারকে বেধড়ক পিটিয়ে টেনেহিঁচড়ে পুলিশের গাড়িতে তোলে। এ সময় স্থানীয় লোকজন বাধা দিলে পুলিশ এলোপাতাড়ি মারধর করে।
এরই জের ধরে ক্ষুব্ধ স্থানীয় লোকজন উপজেলার সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ও ভাঙচুর করেন বলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফিরুজুল ইসলাম দাবি করেন। এ ছাড়া তাঁরা আড়াই ঘণ্টা শেরপুর থানা ঘেরাও করে রাখেন। পরে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুজ্জামান ফারুকী শেরপুর থানায় গিয়ে দোষী পুলিশ সদস্যদের শাস্তির আশ্বাস দিলে ক্ষুব্ধ এলাকাবাসী থানা চত্বর ত্যাগ করেন। বিকেল পৌনে চারটায় চন্দন কুমারকে পুলিশ ছেড়ে দেয়।
ভ্রাম্যমাণ আদালতের নামে নির্যাতন, থানা ঘেরাও
http://www.prothom-alo.com/bangladesh/article/826117/