ভ্রাম্যমাণ জেনারেটরে চলছে বিদ্যুৎ সরবরাহ
বগুড়ার দুপচাঁচিয়ায় তিন দিনেও বিদ্যুতের সরবরাহ স্বাভাবিক করতে পারেনি বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। ফলে দুপচাঁচিয়া উপজেলার পিডিবির আওতাধীন গ্রাহকেরা বিপর্যয়ের মধ্যে পড়েছেন। তাই টাকার বিনিময়ে ভ্রাম্যমাণ জেনারেটরের মাধ্যমে তাঁদের বাড়ির ফ্রিজ ও পানির ট্যাংকের জন্য বিদ্যুৎ সরবরাহ করছেন কয়েকজন ব্যবসায়ী।
পৌর এলাকার বিভিন্ন মহল্লা ঘুরে দেখা যায়, স্থানীয় কয়েকজন ডেকোরেটর ব্যবসায়ী ও জেনারেটর মেরামতকারী রিকশা-ভ্যানে করে জেনারেটর নিয়ে বিভিন্ন বাড়িতে পানির ট্যাংকে ভরানো ও ফ্রিজের বিদ্যুৎ সরবরাহ করছেন। তিন-চারজন এভাবে জেনারেটর নিয়ে মহল্লায় মহল্লায় ঘুরছেন। অনেকে জেনারেটর ভাড়াও দিচ্ছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুর রহমান খান তাঁর বাড়িতে বিদ্যুতের জন্য ভ্রাম্যমাণ জেনারেটরের শরণাপন্ন হয়েছেন। তিনি বলেন, ‘ঝড়ে বিদ্যুৎ সরবরাহের খুঁটি ও তারের যে ধরনের ক্ষতি হয়েছে, তা মেরামত করে বিদ্যুতের সরবরাহ কবে হবে বলা কঠিন। তাই বাধ্য হয়ে ভ্রাম্যমাণ জেনারেটরের মাধ্যমে পানির ট্যাংকে ভরে নিলাম।’
উপজেলার শৌখিন ডেকোরেটরের মালিক শিপন প্রামাণিক জানান, দুই দিন ধরে তিনি ভ্রাম্যমাণ জেনারেটর নিয়ে বিভিন্ন বাড়িতে বিদ্যুৎ সরবরাহ করছেন। ৫০০ লিটার পানির ট্যাংকে ভরাতে ৩০০ টাকা এবং এক হাজার লিটার ট্যাংকের পানি ভরাতে ৭০০ টাকা করে নিচ্ছেন। আর ২০০ টাকা করে ফ্রিজের জন্য এক ঘণ্টা বিদ্যুৎ দিচ্ছেন। চাহিদা খুব বেশি থাকায় সারা দিনে ৮-১০ জনের বাড়িতে বিদ্যুৎ সরবরাহ করা যায় বলে জানান তিনি।
এ সময় জেনারেটর ভাড়া নিয়ে অন্যদের ভাড়া দিচ্ছেন খয়বর আলী। তিনি জানান, সারা দিনের জন্য এক হাজার টাকা জেনারেটর খরচ এবং ভ্যান ভাড়া ৪০০ নিচ্ছেন। এ ছাড়া জেনারেটরের যেকোনো সমস্যা দেখা দিলে নিজের খরচে তা মেরামত করতে হবে। এসব খরচ বাদে সারা দিনে তাঁর হাত খরচের টাকা মোটামুটি উঠছে।
উপজেলা সদরের বাসিন্দা শিক্ষক ওয়ালিউল চৌধুরী দুপুরে ভ্রাম্যমাণ জেনারেটরের কাছ থেকে বিদ্যুতের ব্যবস্থা করছেন। তিনি বলেন, ‘আশপাশে কোনো টিউবওয়েল নেই যে সেখান থেকে পানি নিয়ে এসে চলব। তাই জেনারেটরের মাধ্যমে পানির ট্যাংকে ভরে ও ফ্রিজে বিদ্যুতের ব্যবস্থা করছি।’
গত শনিবার বিকেলে ঝড়ে দুপচাঁচিয়া উপকেন্দ্রের ৩৩ হাজার কেভি লাইনের ৯ থেকে ১০টি খুঁটি উপড়ে পড়ে।
দুপচাঁচিয়া পিডিবির বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলম বলেন, ঘটনার পর থেকেই বিভিন্ন এলাকায় মেরামতের কাজ চলছে। পিডিবির লাইনম্যান ছাড়াও ঠিকাদারের লোকজন কাজ করছেন। শিগগিরই বিদ্যুৎ সরবরাহ করা হবে।