
গত ৫ জানুয়ারির সংসদ নির্বাচনকে ঘিরে সাম্প্রদায়িক সন্ত্রাসের যে ক্ষত সৃষ্টি হয়ে আছে কর্ণাইয়ের হিন্দু পরিবারগুলোর মধ্যে, দেড় মাসেও তা কাটেনি। ভোটের দিন এঁদের বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও অগ্নিসংযোগ করা হয়। এর পর থেকে দিনাজপুর সদর উপজেলার চেহেলগাজী ইউনিয়নের এই গ্রাম যেন এক আতঙ্কের জনপদ।
এদিকে সাম্প্রদায়িক এই সন্ত্রাসে অভিযুক্ত বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের নেতা-কর্মীদের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থান ও হামলাকারীদের ধরতে যৌথ অভিযানের কারণে আতঙ্কিত হয়ে পড়েছে গ্রামের মুসলমান পরিবারগুলোও।
একই সঙ্গে কর্ণাইয়ের দুই সম্প্রদায়ের মানুষের পারস্পরিক সহযোগিতার ওপর দাঁড়ানো স্থানীয় কৃষিভিত্তিক অর্থনীতিও এখন ভেঙে পড়ার উপক্রম। হামলার কারণে দুই পক্ষের মধ্যে যে আস্থাহীনতা ও অবিশ্বাস তৈরি হয়েছে, তাতে করে জীবন ধারণের জন্য মুসলমানদের জমিজমার ওপর নির্ভরশীল অধিকাংশ ভূমিহীন হিন্দু নারী-পুরুষ স্থায়ী কর্মহীনতার দিকে ঝুঁকছেন।
আর গ্রেপ্তারের আতঙ্কে গ্রামের মুসলমান-অধ্যুষিত পাড়াগুলো পুরুষশূন্য হয়ে পড়ায় ১০ ফেব্রুয়ারি পর্যন্ত পুনর্ভবা নদীর দুই তীরঘেঁষা গ্রামের শত শত বিঘা জমির আলু তোলাই সম্ভব হয়নি। সময়মতো তৈরি হয়নি বোরো বীজতলা। থেমে গেছে ভুট্টা আবাদের কাজও।
এ মাসের ৭ থেকে ৯ তারিখ গ্রামটি ঘুরে বোঝা গেল, সব মানুষই শান্তি ও সহাবস্থান চাইছেন। তাঁদের ভাষ্য, বর্তমানের এই আতঙ্কিত পরিস্থিতির জন্য ভোটের রাজনীতিই দায়ী। কারণ, দীর্ঘকাল ধরে এখানে দুই সম্প্রদায়ের মানুষের মধ্যে নানা বিষয়ে মতবিরোধ থাকলেও বিরোধটা এমন পর্যায়ে পৌঁছায়নি।
তাই ঐক্যের আর্তি ঝরল মহাদেবপুরের গৃহবধূ মৌসুমী আক্তারের কথায়। বলেন, ‘হামরা এর মীমাংসা চাই। ৩৬ জাতি না হলি রাজ্য চলে না। হামরা সবাইরে নিয়া বাঁইচবার চাই।’
হামলার শিকার পীতমপাড়ার অশীতিপর প্রতিমা রায় কাঁদতে কাঁদতে বললেন, ‘একে গরিব, তার ওপর হিন্দু। এই দ্যাশ কি হামার লয়? হামাক ভারত যাতি হবি ক্যান? এর চাহিতে হামাক যদি মারি ফেলাও, তাও ভালো।’
দিনাজপুর শহর থেকে সাত কিলোমিটার দূরে কর্ণাই বাজার। ৭ ফেব্রুয়ারি সকালে বাজারে ঢোকার মুখেই কয়েকটি বাড়ির মোচড়ানো টিন, উঠানে ভাঙা চুলা আর খড়ের গাদা পোড়ার চিহ্ন দেখা যায়।
হিন্দুদের ভোট না দিতে হুমকি, হামলা: কথা হচ্ছিল তেলীপাড়ার তরুণ লিখন চন্দ্র রায়ের সঙ্গে। কর্ণাই বাজারে ছোট একটি মুদি দোকান চালাতেন তিনি। ভোটের দিনে সেটি লুট হয়ে যায়। তিনি বলেন, ‘ভোটের আগের রাইতত বাড়িত আসি ওরা বলি গেছে ভোট দিবার না যাতি। গেলি হাত-পাওয়ের রগ কাটি দিব।’ তিনি জানান, ভোটের দিনে সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে তেলীপাড়াতেই প্রথম হামলাটি হয়।
কীভাবে বুঝলেন যে হামলাকারীরা বিএনপি-জামায়াত করে? পীতমপাড়ার কেদো বালা, ভারতী নন্দ রায়, তুলসী বালা, জয় বালাসহ অন্যরা সমস্বরে বলেন, ‘উহাদের বাড়িত, জমিত হামরা কাজ করি। তাহলি চিনবু না ক্যান?’
কর্ণাই বাজারে দ্বিতীয় দফায় হামলা: গ্রামের হিন্দু পাড়াগুলোতে প্রথম দফা হামলার পর কর্ণাই বাজারে আক্রমণ ও অগ্নিসংযোগের বিষয়টি ঘটে বেলা দুইটার পর। বাজারের ব্যবসায়ী জগৎ রায়ের অভিযোগ, হিন্দু পাড়াগুলোতে হামলার খবর পেয়ে কর্ণাই প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোট গ্রহণ বন্ধ করে নির্বাচনী কর্মকর্তারা পুলিশ-বিজিবির পাহারায় ব্যালট বাক্সসহ অন্যান্য নির্বাচনী সরঞ্জাম নিয়ে সরে পড়েন। সে সময় বাজারে কোনো পাহারা ছিল না। এই সুযোগে ডুমুরতলী, কাঁটাপাড়া, মহাদেবপুর ও বকরীপাড়ার নারী-পুরুষ নির্বিশেষে সবাই কর্ণাই বাজারে হামলা চালায়।
জগৎ রায় বলেন, ‘পুলিশ-বিজিবির হাত-পাও ধরি বইলছি, “স্যার, আপনারা থাকেন, যায়েন না।” ওরা থাকলি এত বড় ঘটনা ঘটত না।’ এই হামলায় একসঙ্গে দেড় থেকে দুই হাজার মানুষ অংশ নেয় বলে ভুক্তভোগীরা জানান।
মহাদেবপুর, ডুমুরতলীসহ এখানকার মুসলমান পাড়াগুলোতে কথা বলার জন্য দু-তিন দিনে কোনো পুরুষ মানুষ পাওয়া যায়নি। তবে নারীরা অভিযোগ করেন, কর্ণাই বাজারে মুসলমানদের দোকানগুলোতে হামলা চালিয়ে মালামাল লুট করেছে হিন্দু ও আওয়ামী লীগ-সমর্থকেরা। এ ছাড়া ভোটের পরদিন রাতে যৌথ বাহিনীর অভিযানের সময় মহাদেবপুরের ৩০টির বেশি বাড়িতে ভাঙচুর ও লুটপাটের জন্য হিন্দুদের দায়ী করেন তাঁরা।
অবশ্য যৌথ বাহিনীর অভিযানের সময় মহাদেবপুরের বাড়িঘরে হামলার বিষয়টি অস্বীকার করেন দিনাজপুরের জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী।
আতঙ্কিত জনপদ: ভয়ে-আতঙ্কে হামলার শিকার হিন্দু পাড়াগুলোর সংখ্যালঘু পরিবারের মেয়েরা গ্রাম ছেড়ে চলে গিয়েছিলেন। অনেকে ফিরে এলেও নতুন করে হামলার আশঙ্কা করছেন। অন্যদিকে হামলাকারীদের ধরতে ৬ জানুয়ারি রাত থেকে যৌথ অভিযান শুরু হওয়ার পর পুরুষশূন্য হয়ে পড়ে মুসলমানদের পাড়াগুলো। তাঁরা মুঠোফোনে বিষয়টি মীমাংসার জন্য ক্রমাগত হিন্দুদের চাপ দিয়ে যাচ্ছেন।
পীতমপাড়ার আনন্দ মোহন রায় বলেন, ‘মোবাইলে কহেছে যে ঝামেলা মেটাও। কত দিন তোমাক প্রশাসন শেল্টার দিবু? গ্রামে চুরি-ছিনতাই বাড়িছে। একটা জীবজন্তু পোষবো সে উপায় নাই। হামরা তো চিপাত পড়ি আছি বাপো।’
৭ ফেব্রুয়ারি এলাকায় ঢুকতেই মহাদেবপুর, ডুমুরতলীর মুসলমান পাড়াগুলোতে আতঙ্কের বিষয়টি টের পাওয়া গেল। মোটরসাইকেলে বড় রাস্তার ওপর থেকেই দেখা গেল, দূরের ফসলের মাঠে কর্মরত অনেক নারীর মধ্য থেকে দুজন পুরুষ প্রাণপণে ছুটে পালাচ্ছেন। কাছে গিয়ে নারীদের জিজ্ঞেস করলে তাঁরা বললেন, মোটরসাইকেলে পুলিশ এসেছে ভেবে তাঁরা পালিয়েছেন।
ওই সময় যৌথ বাহিনীর নির্বিচার গ্রেপ্তারের অভিযোগ তুলে কাঁদতে কাঁদতে তাজকারা বেগম বললেন, ‘সব থোয়ার (রাখার) জায়গা আছে বাপু, ভয় থোয়ার জায়গা নাই। যাক পাচ্ছে তাকই তুলি নি যাচ্ছে। যাদের নামে মামলা হইছে, পুলিশ তাদের ধরুক।’
যৌথ অভিযানের কারণে আতঙ্কের কথা শোনা গেল দিনাজপুর কোতোয়ালি থানার তদন্ত কর্মকর্তা (অপরাধ) শেখ হিফজুর রহমানের মুখেও। তিনি বলেন, ‘আমরা জানি যে এই পাড়াগুলো পুরুষশূন্য। এখানকার সবাই মোটরসাইকেল কিংবা গাড়ি দেখলেই পালাচ্ছেন। ভীতি দূর করতে আমরা দ্রুত সেখানে একটা মতবিনিময় সভার আয়োজন করতে চাই।’
কর্ণাইয়ের সাম্প্রতিক সহিংসতা সম্পর্কে জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজীর বক্তব্যে কর্ণাইয়ে হিন্দু-মুসলমানদের মধ্যে নানা বিষয়ে আগে থেকেই থাকা অসন্তোষের বিষয়টি উঠে আসে। তাঁর মতে, এটা চূড়ান্তভাবে প্রকাশিত হয়েছে ভোটের দিন। আর এই হামলার সঙ্গে জড়িতদের বিষয়ে তিনি বলেন, ‘অবশ্যই এটি কোনো মৌলবাদী গোষ্ঠীর কাজ। তবে যারা এ ঘটনা ঘটিয়েছে, তাদের অবশ্যই বিচারের মুখোমুখি করা হবে। এ ঘটনার তদন্ত প্রতিবেদন হাতে পেলেও এ সম্পর্কে বিস্তারিত কিছু বলতে রাজি হননি জেলা প্রশাসক।
সর্বশেষ পরিস্থিতি: জেলা প্রশাসন মতবিনিময় সভা করার কথা বললেও গতকাল ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত এ ধরনের কোনো সভা করা হয়নি বলে এলাকার মানুষ জানিয়েছেন। তবে এখন আর প্রতি রাতেই যৌথ অভিযান চলছে না। ফলে মুসলমান পাড়াগুলোতে কিছু কিছু পুরুষ ফিরতে শুরু করেছেন। আর খেতের আলু তোলাও এখন শেষের পথে।