ভয়-উদ্বেগের তিন ঘণ্টা
রংপুরের বদরগঞ্জ উপজেলা সদরের একটি বেকারিতে বুধবার রাত ১০টায় ময়দা মেশানোর যন্ত্রে হাত ঢুকিয়ে কাজ করছিলেন এক শ্রমিক। হঠাৎ তাঁর ডান হাত ওই যন্ত্রের রোলারে আটকে যায়। বেকারির অন্য শ্রমিকেরা এসে অনেক চেষ্টা করেও হাত বের করতে পারেননি। অবশেষে তিন ঘণ্টা পর অভিজ্ঞ মিস্ত্রিরা এসে তাঁর হাত বের করেন। এভাবে তিনটি ঘণ্টার উদ্বেগ ও উত্কণ্ঠার শেষ হয়।এ ঘটনায় আহত ওই শ্রমিকের নাম লালচান বাদশাহ (১৭)। তিনি বদরগঞ্জ পৌর শহরের বকশী ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরির ময়দা মিশ্রণযন্ত্রের চালক। তাঁর বাড়ি বদরগঞ্জ উপজেলার রামকৃষ্ণপুর মাসানডোবা গ্রামে।জানা গেছে, হাত আটকে যাওয়ার খবর পেয়ে স্থানীয় দমকল ও পুলিশ বাহিনীর সদস্যরা সেখানে ছুটে আসেন এবং বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেন। প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে দমকল বাহিনীর সদস্যরা চালকের আটকে থাকা হাতটি ছাড়াতে পারেননি। একপর্যায়ে ওয়েল্ডিং যন্ত্রসহ প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে আসা হয়। প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে ওই যন্ত্রটি কেটে রাত দেড়টার দিকে ওই শ্রমিকের হাত বের করা হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকেরা জানান, লোহার চাপে তাঁর ডান হাতের তিনটি আঙুল ও কনুইয়ের হাড় ভেঙে গেছে।