ভয়-শঙ্কার মধ্যেই গতকাল শুক্রবার বরিশালে হয়ে গেল মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। নিরাপত্তাব্যবস্থা জোরদার থাকলেও শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে ছিল নাশকতার অজানা আতঙ্ক।
‘নির্ধারিত সময়সূচির চার দিন পর পরীক্ষা শুরু হলো। সেই পরীক্ষাও হবে কি না, সেই দুশ্চিন্তায় ছিলাম সকাল সাতটা পর্যন্ত। এক হাতে টিভির রিমোট, অন্য হাতে বই। ভয়-শঙ্কা—এই বুঝি পরীক্ষা বন্ধের ঘোষণা দেওয়া হয়। মানসিক চাপ নিয়ে পরীক্ষার হলে ঢুকেছি। পরীক্ষাও দিয়েছি। তবে সারাক্ষণ অনিশ্চয়তার মধ্যে কেটেছে।’ এভাবেই নিজের অভিব্যক্তি ব্যক্ত করল বরিশাল সরকারি বালিকা বিদ্যালয়ের পরীক্ষার্থী সাইরা রশীদ ঝিলিক।
নগরের জগদীশ স্বারসত বালিকা বিদ্যালয়ের শিক্ষক আবদুল মজিদ বলেন, ‘আমি যেমন শিক্ষক, তেমনি একজন অভিভাবকও। হরতাল-অবরোধের নাশকতার ভয়ে ভীত আমরা সবাই। একটি দেশের ১৫ লাখ শিক্ষার্থীর জীবন নিয়ে এ রকম অশ্চিয়তায় পড়তে হবে কখনো ভাবিনি। তার পরও প্রথম পরীক্ষাটা হয়েছে। বাকি পরীক্ষাগুলো কীভাবে হবে, সেই দুশ্চিন্তা বেশি।’
নগরের হালিমা খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবক শাহানা পারভীন বলেন, ‘পরীক্ষা সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। কিন্তু দেশের মধ্যে সংঘটিত অরাজকতায় সাধারণ শিক্ষার্থীরা চরম দুর্ভোগের মধ্যে পড়েছে। এই অনিশ্চয়তা থেকে মুক্তি চাই।’
পরীক্ষার্থী নাজমা পারভীন অভিযোগ করে বলে, ‘হরতাল-অবরোধে ২ তারিখের পরীক্ষা শুক্রবার আনা হয়েছে। তার পরও দুশ্চিন্তা দূর হয়নি। প্রস্তুতি ভালো থাকলেও অনিশ্চতার মধ্যেই পরীক্ষার হলে যেতে হয়েছে। রাজনৈতিক দলের ইচ্ছার বলি হচ্ছি আমরা। হরতাল-অবরোধ ও নাশকতা আমাদের জীবনকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে।’
সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা হোসেন প্রথম আলোকে বলেন, পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এখন দরকার আগামী পরীক্ষাগুলোতে যেন হরতাল-অবরোধ না থাকে। পরীক্ষা পেছালে শিক্ষার্থীদের ওপর প্রভাব পড়ে সবচেয়ে বেশি।
বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মুহাম্মদ শাহ আলমগীর প্রথম আলোকে বলেন, পরীক্ষা উপলক্ষে যথেষ্ট নিরাপত্তা দেওয়া হয়েছে। তার পরও শিক্ষার্থী ও অভিভাবকদের মনের ভয় এবং শঙ্কা দূর করা সম্ভব হচ্ছে না। অজানা আশঙ্কার মধ্যে আছে সবাই।