বঙ্গোপসাগরের সুন্দরবন উপকূলসংলগ্ন দুবলারচরে শুঁটকি প্রক্রিয়াকরণ মৌসুম শুরু হয়েছে। দস্যু ও প্রাকৃতিক বিপর্যয়ের ঝুঁকি নিয়েই সেখানে যাচ্ছেন জেলেরা। আগামী মার্চ মাস পর্যন্ত তাঁরা সেখানে থেকে সমুদ্রে মাছ ধরবেন এবং শুঁটকি তৈরি করবেন।
১০ অক্টোবর মংলার পশুর নদীর চিলা খাল থেকে প্রথম দফায় কয়েক শ জেলে দুবলারচরের উদ্দেশে রওনা হন। মংলা থেকে নদীপথে দুবলা জেলেপল্লির দূরত্ব প্রায় ৯০ নটিক্যাল মাইল।
দুবলারচরের উদ্দেশে গত রোববার যাত্রা করা মংলার জয়মনির কালাম, চিলার রহমত, চাঁদপাই গ্রামের কুদ্দুস, পেড়িখালীর কামরুলসহ অনেক জেলে বলেন, বনদস্যুদের হামলা ও লুটপাটের আশঙ্কা মাথায় নিয়েই তাঁরা যাত্রা শুরু করেছেন। প্রশাসনের কাছে তাঁদের দাবি, চলতি মৌসুমে তাঁরা যাতে নির্বিঘ্নে নিরাপদে মাছ শিকার ও শুঁটকি তৈরি করতে পারেন, সেই ব্যবস্থা যেন নেওয়া হয়।
বন বিভাগ জানায়, দুবলাচরের জেলেপল্লিতে ইতিমধ্যেই সমবেত হতে শুরু করেছেন দক্ষিণ উপকূলের হাজারো জেলে। প্রতিবছর অক্টোবরের মাঝামাঝি সময় থেকে শুরু হওয়া শুঁটকি মৌসুমে সাগরপারের মেহের আলীর চর, আলোর কোল, অফিস কিল্লা, মাঝের কিল্লা, শেলার চর, নারকেলবাড়িয়া, ছোট আমবাড়িয়া, বড় আমবাড়িয়া, মানিকখালী, কবরখালী, ছাপড়াখালীর চর, কোকিলমণি ও হলদেখালি চরে প্রায় ৩০ হাজার জেলে জড়ো হন। সম্মিলিতভাবে এ চরগুলোকে দুবলারচর বলা হয়।
পূর্ব সুন্দরবনের বিভাগীয় কর্মকর্তা আমীর হোসাইন চৌধুরী বলেন, ‘গত বছরের শুঁটকি মৌসুমে আমরা এক কোটি ২০ লাখ টাকা আয় করেছিলাম। এ বছর লক্ষ্যমাত্রা এক কোটি ৪০ লাখ টাকা।’
মংলায় কোস্টগার্ড পশ্চিম অঞ্চলের কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মহিউদ্দিন মজুমদার বলেন, ‘জেলেদের নিরাপত্তার জন্য দুবলারচরে আমাদের একটি টহল বোট সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে।