ভয় কাটছে না অভয়নগরের সেই মানুষগুলোর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোরের অভয়নগর উপজেলার মালোপাড়ার ধর্মীয় সংখ্যালঘু পরিবারের নিরাপত্তার জন্য পুলিশ ক্যাম্প বসানো হয়েছে। গতকাল তোলা ছবি । প্রথম আলো
যশোরের অভয়নগর উপজেলার মালোপাড়ার ধর্মীয় সংখ্যালঘু পরিবারের নিরাপত্তার জন্য পুলিশ ক্যাম্প বসানো হয়েছে। গতকাল তোলা ছবি । প্রথম আলো

মাত্র এক কিলোমিটারের মধ্যে দুটি পুলিশ ক্যাম্প। তাতে ৭৫ জন পুলিশ। নেতারা আসছেন প্রতিদিন। আসছেন পুলিশের কর্তাব্যক্তিরা। আশ্বাস দিচ্ছেন নিরাপত্তার।
তবে যশোরের অভয়নগরের আক্রান্ত মালোপাড়ার শতাধিক নারী-পুরুষ গতকালও বাড়ি ফেরেননি। অনেকে দিনের বেলায় বাড়ি এলেও রাতে অন্য জায়গায় গিয়ে থাকছেন।
গতকাল বুধবার অভয়নগর উপজেলার চাঁপাতলা গ্রামের মালোপাড়ায় গিয়ে এমন তথ্যই পাওয়া যায়। দুলাল বিশ্বাসের চার মেয়ে। তারা উচ্চমাধ্যমিক থেকে স্নাতকের পরীক্ষার্থী। হামলাকারীদের আগুনে পুড়েছে দুলালের ঘর। পুড়েছে মাছ ধরার উপকরণ। দুলালের স্ত্রী রণজিতা বিশ্বাস বলেন, মেয়েরা গত দুই দিন থেকে দিনে বাড়িতে থাকে। রাতে অন্য গ্রামে আত্মীয়র বাড়ি থাকছে। চার ছেলে ও দুই মেয়ে দুর্গা রানী বিশ্বাসের। ছেলেমেয়েদের দুজন প্রতিবন্ধী। তিন ছেলের বিয়ে হয়েছে। দুর্গা রানী বিশ্বাস বলেন, গত রোববার হামলার রাতে পুত্রবধূরা পাশের দেয়াপাড়া গ্রামে ছিল। পরদিন নড়াইলে চলে গেছে।
সুভাষ বিশ্বাস বলেন, ‘আমার এক ছেলে, বউমা ও নাতনি হামলার রাতে বাড়ি ছেড়ে গেছে। পুলিশ আছে, তাই একটু আতঙ্কমুক্ত আছি। পুলিশ চলে গেলে কী হবে, জানি না।’ হামলাকারীরা ঘর ভেঙে দিয়েছে বিধবা যশোদা সরকারের। তাঁর এক ভরি ওজনের স্বর্ণালংকার ও ১০ মণ ধানও নিয়ে গেছে তারা। তাঁর ছেলে অনুপ সরকার পড়ে নবম শ্রেণীতে। হামলার পর থেকে ও বিদ্যালয়ে যাওয়া বন্ধ রেখেছে। অনুপ বলে, ‘কখন কী হয়, তাই স্কুলে যাচ্ছি না।’ হামলাকারীরা পিটিয়ে আহত করে শ্যামল বিশ্বাসকে। তিনি এখনো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। শ্যামলের স্ত্রী মিতা রানী বিশ্বাস বলেন, দুই শিশু তাঁদের মারার ঘটনা দেখে প্রচণ্ড ভয় পায়। সেই যে ওদের গায়ে জ্বর এল, এখনো তা সারেনি।
ভাতের জন্য মায়ের কোলে বসে কেঁদেছিল শিশু বিপাশা। সেই সঙ্গে কেঁদেছিলেন মা সঞ্চিতা বর্মণও। প্রথম আলোতে গত মঙ্গলবার ক্রন্দনরত বিপাশা ও তার মায়ের ছবি ছাপা হয়েছিল। গতকাল দুপুরে তাদের বাড়িতে গিয়ে দেখা গেছে, বিপাশা মায়ের হাতে ভাত খাচ্ছে। মুখে হাসি। মা সঞ্চিতা বর্মণ বললেন, মঙ্গলবার ৩০ কেজি চাল পেয়েছিলেন। আপাতত ভাতের কোনো সমস্যা নেই।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ক্ষতিগ্রস্তদের মধ্যে এ পর্যন্ত চার লাখ টাকা, চার মেট্রিক টন চাল ও ৪০০ কম্বল দেওয়া হয়েছে। তা ছাড়া, হাসপাতালে চিকিৎসাধীন ছয়জনকে আট হাজার করে এবং অন্য ক্ষতিগ্রস্তদের দুই হাজার করে টাকা দেওয়া হয়েছে।
যশোরের জেলা প্রশাসক মো. মোস্তাফিজুর রহমান বলেন, যত দিন মালোপাড়ার লোকজন স্বাভাবিকভাকে আয়-রোজগার না করতে পারছেন, তত দিন পর্যন্ত চাল দেওয়া অব্যাহত থাকবে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হচ্ছে। সে অনুযায়ী বরাদ্দের জন্য আবেদন করা হবে।
স্থানীয় লোকজন অভিযোগ করেন, গত রোববার সকালে উপজেলার চাঁপাতলা আলিম মাদ্রাসা ভোটকেন্দ্রে জামায়াত-শিবিরের কয়েকজন কর্মী ৮-১০টি বোমার বিস্ফোরণ ঘটিয়ে ত্রাস সৃষ্টি করে। তারা মালোপাড়ার লোকদের ভোটকেন্দ্রে আসতে বাধা দেয়। কিন্তু মালোপাড়ার বিশ্বনাথ সরকার (৪০) ও শ্যামল সরকার (৩৭) ভোট দিলে তাঁদের পিটিয়ে গুরুতর আহত করা হয়। ওই দিন সন্ধ্যা সোয়া ছয়টায় জামায়াত-শিবিরের দুই শতাধিক কর্মী মালোপাড়ায় অতর্কিত হামলা চালায়। এই দলে বিএনপিরও কয়েকজন স্থানীয় কর্মী ছিল বলে প্রত্যক্ষদর্শীরা দাবি করেছেন। হামলাকারীরা ১০-১৫টি বোমার বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। তারপর শতাধিক বাড়ি ও একটি দোকান ভাঙচুর-লুটপাট করে। ফিরে যাওয়ায় সময় তারা ১০টি বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেয়। হামলায় অন্তত ২০ জন আহত হন। অভয়নগর থানার উপপরিদর্শক (এসআই) মহসিন হাওলাদার বাদী হয়ে ৩৯ জনের নাম উল্লেখ করে ও আড়াই শতাধিক অজ্ঞাতনামা ব্যক্তির নামে মামলা করেন। এ পর্যন্ত ২৮ জনকে আটক করা হয়েছে।