স্পিকার আবদুল হামিদ বলেছেন, ‘আমি কাউকে ভয় দেখাতে কিছু বলিনি। আমি যা বলেছি, অর্থপূর্ণ মনে করেই বলেছি।’গতকাল সোমবারের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের বিষয়ে আলোচনার সময় ফেনী থেকে নির্বাচিত বিএনপির সাংসদ মোশাররফ হোসেনের এক বক্তব্যের পরিপ্রেক্ষিতে স্পিকার এ কথা বলেন। স্পিকার বলেন, ‘আমি কাউকে শিক্ষা দিতে এখানে আসিনি। আমি কাউকে ভয়ও দেখাইনি। ভয় দেখানোর মতো এমন কোনো শক্তিশালী ব্যক্তি আমি নই।’জাতীয় সংসদে গত বৃহস্পতিবারের অধিবেশনে আবদুল হামিদ সাংসদদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছিলেন, ‘আমি সরকারি ও বিরোধী দলের ভোটে নির্বাচিত। আমি আমার মতো করে সংসদ চালাব। আপনারা যদি মনে করেন, আমার থাকার দরকার নেই, আই অ্যাম রেডি টু গো।’এরপর গত শনিবার বিরোধীদলীয় চিফ হুইপ জয়নাল আবদিন ফারুক চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভায় বলেন, ‘ভালো আচরণের কারণেই সংসদ সদস্য নির্বাচিত হয়েছি। আমি পাঁচবার নির্বাচিত হয়েছি। এত দিন পর এসে আমাদের আচরণবিধি শেখানোর স্পিকার কে।’সংসদে রাতে রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর সরকারি ও বিরোধী দলের কয়েকজন সদস্য অংশ নেন। এরপর সংসদের বৈঠক আজ মঙ্গলবার বিকেল তিনটা পর্যন্ত মুলতবি করা হয়।