ভয় দেখানো হচ্ছে পোলিং এজেন্টদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থীর কর্মীদের বিরুদ্ধে বিএনপির প্রার্থীর পোলিং এজেন্টদের ভয়ভীতি ও কেন্দ্রে না যাওয়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার নাটোর ও সিংড়া পৌরসভায় বিএনপির মনোনীত মেয়র পদপ্রার্থীরা সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করেছেন। তবে অভিযুক্তরা তা অস্বীকার করেছেন।
গতকাল দুপুরে নাটোর শহরে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে দলীয় প্রার্থী শেখ এমদাদুল হক আল মামুন সংবাদ সম্মেলনের আয়োজন করেন। তিনি লিখিত বক্তব্য পড়ে শোনান। এ সময় তিনি অভিযোগ করেন, ক্ষমতাসীন দলের মেয়র পদপ্রার্থীর কর্মীরা সোমবার রাতে ৭ নম্বর ওয়ার্ডের পোলিং এজেন্ট হাফিজুর রহমান, চন্দন শেখসহ কয়েকজনকে ভোটকেন্দ্রে যেতে নিষেধ করেন। এর প্রতিবাদ করলে ওই কর্মীরা তাঁদের পিটিয়ে আহত করেন। এ খবর ছড়িয়ে পড়ার পর অন্য এজেন্টরা বাড়ি ছেড়ে পালিয়েছেন। এতে প্রার্থীর পক্ষে ভোটকেন্দ্রে পোলিং এজেন্ট নিয়োগ করা কষ্টকর হয়ে পড়েছে। এর মাধ্যমে আওয়ামী লীগ ভোট ডাকাতির নীলনকশা করছে বলে তিনি অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক, যুগ্ম সম্পাদক গোলাম সারোয়ার, পৌর বিএনপির সভাপতি রুহুল আমীন তালুকদার উপস্থিত ছিলেন।
নাটোর পৌরসভায় আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী উমা চৌধুরী বিএনপির প্রার্থীর অভিযোগ ভিত্তিহীন দাবি করে বলেন, ‘পরাজয় আঁচ করতে পেরে বিএনপির প্রার্থী মিথ্যা অভিযোগ করেছেন।’ ভোট সুষ্ঠু হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এর আগে মঙ্গলবার বেলা ১১টায় সিংড়া উপজেলা বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করেন সিংড়া পৌরসভা নির্বাচনে বিএনপির প্রার্থী শামীম আল রাজি মো. সিহানুর রহমান। তিনি লিখিত বক্তব্যে অভিযোগ করেন, নির্বাচনের ঠিক আগমুহূর্তে নৌকা প্রতীকের প্রার্থীর কর্মীরা ২ নম্বর ওয়ার্ডের উত্তর দমদমা এলাকার পোলিং এজেন্ট আব্দুল হালিমকে ভোটকেন্দ্রে যেতে নিষেধ করেছেন। কেন্দ্রে গেলে তাঁকে উধাও করে দেওয়া হবে বলেও তাঁরা হুমকি দিয়েছেন।
সংবাদ সম্মেলনে সেখানকার ওয়ার্ড যুবদলের সভাপতি নেহাল হোসেন জানান, নৌকা প্রতীকের কর্মীদের হুমকি-ধমকি ও পুলিশি হয়রানির ভয়ে অনেকে পোলিং এজেন্ট হতে চাইছেন না।
বিএনপির প্রার্থী জানান, তিনি বহুবার নির্বাচন করেছেন, দেখেছেন। কিন্তু এবারের পরিস্থিতি তাঁর কাছে অদ্ভুত বলে মনে হচ্ছে। তিনি জানান, সোমবার রাতে নৌকার কর্মীরা দমদমা এলাকায় গিয়ে বাড়ির নারীদের দিয়ে জোর করে নৌকার পক্ষে মিছিল করিয়েছেন। তাঁর স্ত্রী শোলমারি এলাকায় নির্বাচনী প্রচারে গেলে তাঁকে বখাটে ছেলেদের দিয়ে উত্ত্যক্ত করা হয়েছে। মানসম্মানের ভয়ে তিনি ওই এলাকা ছেড়ে চলে এসেছেন।
তবে আওয়ামী লীগের প্রার্থী জান্নাতুল ফেরদৌস এসব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘সব অভিযোগ কাল্পনিক। তাঁকে হেয় করার জন্য এসব অভিযোগ তোলা হচ্ছে।’
রিটার্নিং কর্মকর্তা সরকার আশরাফুল আলম জানান, খবর পাওয়ামাত্র তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কাজে লাগাচ্ছেন। এসব অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। ভোটের সময় কঠোর নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। কোনো রকম অনিয়ম মানা হবে না।