ভয় দেখানো বন্ধ না হলে জিএসপিতে সুপারিশ নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তৈরি পোশাকশিল্পের শ্রমিকনেতা ও কর্মীদের ওপর মালিকদের হয়রানি ও ভয়ভীতি দেখানো বন্ধে বিজিএমইএর সভাপতিকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছেন মার্কিন সিনেটের পররাষ্ট্রবিষয়ক কমিটির চেয়ারম্যান রবার্ট মেনেন্দেজ। তা না হলে মার্কিন সিনেট কমিটির চেয়ারম্যান হিসেবে বাংলাদেশের জিএসপি পুনর্বহাল প্রক্রিয়ায় সমর্থন দেওয়াটা তাঁর পক্ষে সম্ভব হবে না।
বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের মালিক ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলামকে গত সোমবার লেখা চিঠিতে এ মন্তব্য করেছেন রবার্ট মেনেন্দেজ। মার্কিন সিনেটের পররাষ্ট্রবিষয়ক কমিটির চেয়ারম্যানের মুখপাত্র গতকাল মঙ্গলবার এ তথ্য জানান।
মার্কিন সিনেটের পররাষ্ট্রবিষয়ক কমিটির দ্বিতীয় শুনানিতে বাংলাদেশের শ্রমিকদের পরিস্থিতি নিয়ে লিখিত বক্তব্য দেওয়ায় চিঠির শুরুতে আতিকুল ইসলামকে ধন্যবাদ জানান রবার্ট মেনেন্দেজ। বাংলাদেশের শ্রমিকদের অধিকার ও নিরাপত্তার পরিস্থিতি খারাপ হওয়ায় মার্কিন সিনেটের প্রথম শুনানিতে তিনি জিএসপি স্থগিত করার প্রস্তাব দেন। মার্কিন সিনেট কমিটির এ প্রস্তাবের কয়েক দিন পর যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পণ্যের অবাধ বাজার সুবিধা (জিএসপি) বাতিল হয়। পরে জিএসপি পুনর্বহালে কর্মপরিকল্পনা দেওয়া হয়। এ বিষয়গুলো বিজিএমইএর সভাপতিকে চিঠিতে মনে করিয়ে দেন মার্কিন সিনেটর।
রবার্ট মেনেন্দেজ চিঠিতে লিখেছেন, বিজিএমইএর সদস্যদের কারখানাতে ট্রেড ইউনিয়ন সংগঠক ও নেতারা এখনো ভয়ভীতি ও বরখাস্তের শিকার হচ্ছেন। গত মাসে একটি বড় কারখানায় শ্রমিকদের সংগঠিত করতে গিয়ে দুজন নারীসহ চার শ্রমিক সংগঠককে দুই ডজনের বেশি লোক হামলা চালিয়ে মারাত্মকভাবে আহত করার অভিযোগ রয়েছে। এ ধরনের ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এসব রোধে বিজিএমইএর কঠোর ভূমিকা পালন করার বাধ্যবাধকতা রয়েছে।
মেনেন্দেজ চিঠির শেষে লেখেন, ‘বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের শ্রমিকনেতা ও কর্মীদের ওপর মালিক ও ব্যবস্থাপকদের নির্যাতন, ভয়ভীতি ও সহিংসতা বন্ধ না হলে সিনেটের পররাষ্ট্রবিষয়ক কমিটির চেয়ারম্যান ও অর্থবিষয়ক কমিটির সদস্য হিসেবে আমার পক্ষে জিএসপি পুনর্বহাল প্রক্রিয়ায় সমর্থন দেওয়া সম্ভব হবে না। তাই এ ধরনের অন্যায় অবিচার বন্ধ ও শ্রমিকদের সুরক্ষা ও নিরাপত্তায় নেতৃত্ব দিতে আপনার প্রতি জোরালো আহ্বান জানাচ্ছি।’
প্রসঙ্গত, তৈরি পোশাক কারখানার কাজের পরিবেশ ও শ্রম মান নিয়ে উদ্বেগের পরিপ্রেক্ষিতে মার্কিন প্রশাসন ২০১৩ সালের ২৭ জুন বাংলাদেশের জিএসপি স্থগিত করে। জিএসপি পুনর্বহালের অংশ হিসেবে মার্কিন বাণিজ্য দপ্তর ২০ জুলাই ১৬ দফার কর্মপরিকল্পনা ঘোষণা করে। তৈরি পোশাক কারখানার কর্মপরিবেশের উন্নয়নের লক্ষ্যে কর্মপরিকল্পনা অনুযায়ী কতটা অগ্রগতি হয়েছে, তা আগামী ১৫ এপ্রিলের মধ্যে যুক্তরাষ্ট্রকে জানানোর কথা রয়েছে বাংলাদেশের।