ভয় দেখিয়ে অর্থ আদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় প্রথমবার বেড়াতে এসেছেন রেহেনা আক্তার এবং তাঁর পরিবার। গত রোববার সকালে সংসদ ভবনের সামনে ঘুরতে যান তাঁরা। হঠাৎ রেহেনার ছোট মেয়ে মিতু ভয় পেয়ে কান্না জুড়ে দেয়। হাতে ছোট একটা কৌটা মুখের সামনে ধরে ‘সাপ আছে টাকা দে’ বলে হঠাৎ পথ আটকে দাঁড়ান কয়েকজন নারী। এতে ভয় পেয়ে যান রেহেনা ও তাঁর মেয়ে।
পাঁচ থেকে সাতজন বেদে নারী ভয় দেখিয়ে এভাবে পথচারীদের কাছ থেকে টাকা আদায় করছিলেন। এই প্রতিবেদক ঘটনার প্রত্যক্ষদর্শী।
রেহেনা আক্তার বলেন, ‘সাপ, সাপ বলে, এমন করে কাছে চলে আসছে যে আমি নিজেও ভয় পেয়েছিলাম, আর মেয়ে তো ভয়ে কান্না শুরু করে দিয়েছে।’ বেদেদের দলে থাকা মর্জিনা বেওয়া বলেন, ‘আপা, এর মধ্যে সাপ নেই, ভয় না পাইলে কেউ টাকা দেয় না। আমাদের থাকার জায়গা নাই। কাজ নাই, তাই মানুষের কাছ থেকে টাকা ইনকাম করি।’
এ দলের নেতা নিরবলা রানি অভিযোগ করেন, সরকারি-বেসরকারি কোনো সহযোগিতা তাঁরা পান না। সমাজে কোনো কাজ দেওয়া হয় না। পেটের দায়ে তাঁরা এভাবে টাকা আদায় করতে বাধ্য হন।
ওই দিন দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানে বেদে সম্প্রদায়ের তিন নারী দ্রুত হেঁটে পথচারীর সামনে গিয়ে পথ আটকে সাপের বাক্স খুলে টাকা আদায় করছিলেন। এঁদের একজন দেবযানী জানালেন, বর্তমানে নদী ও বন তেমন নেই, তাই ব্যবসা নাই।’ তিনি জানান, সরকার যে ভাতা দেয়, তা ভাসমান বেদেরা পান না। ভাতা পাওয়ার জন্য ঠিকানা থাকতে হয়।
সমাজসেবা অধিদপ্তরের হিসাবমতে, দেশে বেদে সম্প্রদায়ের সংখ্যা সাত লাখ। হাটবাজারে সাপের খেলা দেখিয়ে, ওষুধ বিক্রি করে তারা অর্থ আয় করে থাকে। এ ছাড়া ‘দাতের পোকা তোলা’ ও শরীরে উল্কি এঁকেও তারা আয় করে।
বেদে গবেষক ও গ্রাম বাংলা উন্নয়ন কমিটির নির্বাহী পরিচালক এ কে এম মাকসুদ গতকাল প্রথম আলোকে বলেন, প্রথাগত পেশাগুলো হারিয়ে যাওয়ায় এবং শিক্ষার ব্যবস্থা না থাকায় সমাজে একেবারেই কোণঠাসা হয়ে গেছে বেদেরা। বিকল্প আয়ের উৎস না থাকায় তারা রাস্তায় নেমে ভয় দেখিয়ে অর্থ আদায় করে।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দলিত, হরিজন, বেদে সম্প্রদায়ের জীবনমান উন্নয়ন কর্মসূচির প্রকল্প পরিচালক নুরুন নাহার বেগম প্রথম আলোকে জানান, বেদে সম্প্রদায়ের জন্য চলতি অর্থবছরে সাত কোটি ৯৬ লাখ ৯৮ হাজার টাকার প্রকল্প নেওয়া হয়েছে। এ প্রকল্পের আওতায় রয়েছে ১৮ বছরের বেশি বয়সীদের জন্য সেলাই প্রশিক্ষণ, পঞ্চাশোর্ধ্ব বয়সীদের জন্য প্রতি মাসে ৩০০ টাকা করে ভাতার ব্যবস্থা। এ ছাড়া বেদে সম্প্রদায়ের ছেলে-মেয়েদের জন্য শিক্ষাবৃত্তির ব্যবস্থা রয়েছে।
নুরুন নাহার বেগম জানান, সারা দেশে ২১ জেলায় বেদে সম্প্রদায়কে নিয়ে কাজ চলছে কিন্তু ভাসমানদের নাম নিবন্ধন করার ক্ষেত্রে সমস্যায় পড়তে হয়। কিছু অসৎ বেদে ভিক্ষার নামে সাধারণ মানুষকে ভয় দেখিয়ে হয়রানি করে আসছে। সরকার এদের যে অধিকার দিয়েছে, সে বিষয়ে তাদের সচেতন করতে গণমাধ্যমকে এগিয়ে আসতে হবে বলে মন্তব্য করেন তিনি।