গাজীপুরের কালিয়াকৈরে পাওনা টাকা না দিয়েই ভয় দেখিয়ে সামাজিক বনায়নের অন্তত ৪৫ উপকারভোগীর স্বাক্ষর নেওয়ার অভিযোগ উঠেছে। গত সোমবার বিকেলে উপজেলার চন্দ্রা রেঞ্জের নিয়ন্ত্রণাধীন মৌচাক বিট অফিসে বন কর্মকর্তারা তাঁদের স্বাক্ষর নেন।
উপকারভোগীদের সঙ্গে কথা বলে জানা যায়, বন বিভাগ ও উপকারভোগীদের অংশীদারত্বের ভিত্তিতে সামাজিক বনায়ন কর্মসূচি নেওয়া হয়। গাছের চারা রোপণ থেকে শুরু করে গাছ বিক্রির আগ পর্যন্ত বাগান পরিচর্যা করেন উপকারভোগীরা। চুক্তি অনুযায়ী, গাছ বিক্রির টাকার ৪৫ শতাংশ বন বিভাগ ও ৪৫ শতাংশ উপকারভোগীদের পাওয়ার কথা। বাকি ১০ শতাংশ বৃক্ষরোপণ তহবিলে জমা থাকে। সেই টাকার পুরোটাই পরবর্তী সময়ে নতুন বাগান পরিচর্যার জন্য উপকারভোগীদের পাওয়ার কথা।
কিন্তু মৌচাক বিটের কৌচাকুড়ি, মাঝুখান ও লোহাকৈর এলাকার ২৭ জন উপকারভোগীকে ওই তহবিলের পাওনা টাকার অর্ধেক দেওয়া হয়। বাকি টাকা বিভিন্ন খাতে খরচ হয়ে যাওয়ার কথা বলেন মৌচাক বিট কর্মকর্তা আহাদ আলী। টাকা অর্ধেক দেওয়া হলেও ৬ ডিসেম্বর উপকারভোগীদের কাছ থেকে সমুদয় পাওনা বুঝে পাওয়ার সই নেন উপকারভোগীদের কমিটির নেতারা। এ নিয়ে ৮ ডিসেম্বর প্রথম আলোয় প্রতিবেদন ছাপা হয়।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন উপকারভোগী বলেন, ওই খবর প্রকাশ হওয়ায় ক্ষুব্ধ হন বন কর্মকর্তারা। তাঁরা হুমকি দিয়ে আসছেন, সাংবাদিকদের কাছে অভিযোগকারীদের খুঁজে বের করা না হলে বিদ্যমান উপকারভোগী সবার বাগানের প্লট বাতিল করে তা অন্যদের দেওয়া হবে। সর্বশেষ সোমবার মৌচাক বিট অফিসে ৪৫ জন উপকারভোগীকে ডাকেন বন কর্মকর্তারা। এ সময় তাঁরা হুমকি দিয়ে বলেন, প্রত্যেককে ৩৫ হাজার করে টাকা বুঝে পাওয়ার স্বাক্ষর দিতে হবে। না দিলে পরবর্তী সময়ে কেউ প্লট পাবেন না। ভয়ে ৪৫ জনই স্বাক্ষর দিয়েছেন।
তবে অভিযোগ অস্বীকার করেছেন বন বিভাগের মৌচাক বিট কর্মকর্তা আহাদ আলী। তিনি দাবি করেন, ওই উপকারভোগীরা টাকা বুঝে পেয়েই স্বাক্ষর দিয়েছেন। জোরপূর্বক কারও স্বাক্ষর নেওয়া হয়নি।
চন্দ্রা রেঞ্জ কর্মকর্তা তাপস সান্যাল বলেন, উপকারভোগীদের জন্য চেক আনতে বেশ কয়েকবার বিট কর্মকর্তাকে ঢাকায় দৌড়াদৌড়ি করতে হয়েছে। এর খরচ বাবদ কিছু টাকা তো তিনি রাখবেনই।
তবে ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা বখতিয়ার নূর সিদ্দিকী বলেন, এভাবে টাকা নেওয়ার এখতিয়ার নেই। তিনি বিষয়টির খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।