রাজধানীর ইডেন কলেজের অ্যাসিডদগ্ধ ওই ছাত্রীকে ভয় দেখিয়ে মনির কাকরাইল থেকে চানখাঁরপুলের ওই কাজি অফিসে নিয়ে গিয়েছিলেন বলে দাবি করেছেন ছাত্রীর স্বজনেরা। মনির ও তাঁর বন্ধু মাসুমকে গতকাল বুধবার পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।ওই ছাত্রী অ্যাসিডে পুড়ে যাওয়া ও ছুরিকাঘাতের ক্ষত নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের বিছানায় কাতরাচ্ছেন। বিয়েতে রাজি না হওয়ায় গত মঙ্গলবার চানখাঁরপুল মোড়ে কাজি অফিসে তাঁকে ছুরিকাঘাত করে মাথায় অ্যাসিড ঢেলে দেন মনির। এ ঘটনায় বংশাল থানায় মনির ও মাসুমের বিরুদ্ধে অ্যাসিড অপরাধ দমন আইনে মামলা হয়েছে।বংশাল থানার পরিদর্শক (তদন্ত) আবুল হাসান জানান, দুই আসামিকে পুলিশ খুঁজছে। মামলার বাদী গতকাল প্রথম আলোকে বলেন, তাঁর বোন মঙ্গলবার সার্কিট হাউস সড়কে বড় ভাইয়ের সরকারি বাসা থেকে কলেজে যাওয়ার জন্য কাকরাইল মোড়ে বাস কাউন্টারে যান। সেখানে মনির তাঁকে ভয় দেখিয়ে বলেন, তাঁকে বিয়ে না করলে শরীরে অ্যাসিড ঢেলে এবং ছুরি মেরে খুন করবেন। নিজেও আত্মহত্যা করবেন। এরপর তাঁর বোনকে রিকশায় তুলে চানখাঁরপুলে যান।এদিকে প্লাস্টিক সার্জন ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের জাতীয় সমন্বয়কারী সামন্ত লাল সেন বলেন, মেয়েটির মুখমণ্ডলের ডান পাশ গভীরভাবে এবং শরীরের ১৫ শতাংশ পুড়ে গেছে। তাঁর দীর্ঘমেয়াদি চিকিৎসা ও অস্ত্রোপচার প্রয়োজন হবে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ দুপুরে মেয়েটিকে দেখতে হাসপাতালে যান। সেখানে তিনি সাংবাদিকদের বলেন, অপরাধীদের শুধু শাস্তি দিলেই চলবে না, অ্যাসিড-সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তি দিতে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশের মহাপরিদর্শকের সঙ্গে কথা বলবেন।