ভয় দেখিয়ে বিয়ের হুমকি, কলেজছাত্রীর আত্মহনন
বখাটেরা বাড়িতে গিয়ে ভয়ভীতি দেখিয়ে বিয়ে করার হুমকি দেওয়ায় কীটনাশক পান করে এক কলেজছাত্রী আত্মহনন করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। পটুয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত মঙ্গলবার বেলা দেড়টায় তিনি মারা যান।
ওই কলেজছাত্রীর নাম রিমা আক্তার (১৮)। পটুয়াখালীর গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের দড়িবাহেরচর গ্রামের ইউসুফ সিকদারের মেয়ে রিমা পাশের কলাগাছিয়া ইউনিয়নের এস এম সেকান্দার আলী ডিগ্রি কলেজ থেকে এবার উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছেন।
স্থানীয় লোকজন জানান, দড়িবাহেরচর গ্রামের কৃষক ইউসুফ সিকদারের দুই মেয়ে ও এক ছেলের মধ্যে রিমা সবার বড়। কলেজে যাওয়া-আসার পথে নাসির সিকদার নামের এক যুবক প্রায়ই উত্ত্যক্ত করতেন। দুই সন্তানের বাবা নাসির একপর্যায়ে তাঁকে বিয়ের প্রস্তাব দিয়ে ব্যর্থ হন। এতে ক্ষিপ্ত হয়ে নাসির গত সোমবার রাত সাড়ে আটটার দিকে পাঁচ-সাতজন সহযোগী নিয়ে রিমাদের বাড়িতে যান। এ সময় রিমাকে তাঁর সঙ্গে বিয়ে দিতে বলেন। তা না হলে জোর করে তুলে নেওয়া হবে হুমকি দেন তিনি। এরপর সারা রাত ওই বাড়িতেই অবস্থান নেয় বখাটেরা। পরে ইউসুফ সিকদার নিরুপায় হয়ে নাসিরের মা-বাবাকে মুঠোফোনে বিষয়টি জানান।
রিমার মা শাহিনুর বেগম অভিযোগ করেন, বখাটেরা সারা রাত বাড়িতে অবস্থান নিয়ে তুলে নেওয়ার হুমকি দিতে থাকলে সকালের দিকে রিমা কীটনাশক পান করে অচেতন হয়ে পড়েন। জানাজানি হলে আশপাশের লোকজন এসে রিমাকে পটুয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। এদিকে রিমার বিষপানের খবর শুনে নাসির ও তাঁর সহযোগীরা পালিয়ে যান। বেলা দেড়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় রিমা মারা যান।
পটুয়াখালী জেনারেল হাসপাতালের চিকিৎসক আতিকুর রহমান জানান, অতিরিক্ত কীটনাশক পানের কারণে রিমার মৃত্যু হয়েছে।
রিমার ফুফা বশির মৃধা বলেন, কলেজে আসা-যাওয়ার পথে নাসির প্রায়ই রিমাকে উত্ত্যক্ত করতেন। বিষয়টি এলাকার ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য হানিফ গাজীকে সোমবার জানানো হয়। কিন্তু তাতেও কোনো লাভ হলো না।
ইউপি সদস্য হানিফ গাজী বলেন, নাসিরের স্ত্রী ও দুই সন্তান রয়েছে। তার পরও মেয়েটিকে উত্ত্যক্ত করতেন। ওই দিন রাতেও রিমাদের বাড়িতে এসে পরিবারকে হুমকি দেন।
গলাচিপা থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বলেন, ‘ঘটনাটি আমরা শুনেছি। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
নাসিরের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।