ভয় দেখিয়ে মেয়েকে তুলে আনতে গিয়ে তরুণ গ্রেপ্তার
বাসায় ঢুকে পিস্তল নিয়ে এক মেয়েকে ভয় দেখিয়ে তুলে আনতে গিয়ে শামীম এজাজ খান (১৮) নামের এক তরুণ হাতেনাতে ধরা পড়েছেন। গতকাল মঙ্গলবার জামালপুর শহরের বকুলতলা এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ পিস্তলটি উদ্ধার ও ওই যুবককে গ্রেপ্তার করে।জানা গেছে, জামালপুর শহরের মাতৃসদন সড়কের শামীম এজাজ খান বকুলতলার এক মেয়েকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিলেন। গতকাল সন্ধ্যায় বকুলতলায় ওই মেয়েদের বাসায় যান তিনি। তাঁকে দেখে মেয়েটির ভাই শামীমকে বাসা থেকে বের করে দিতে যায়। শামীম পিস্তল দেখিয়ে মেয়েটিকে তাঁর সঙ্গে যেতে দিতে বলেন। এ সময় মেয়েটির ভাই শামীমকে ধরার জন্য এগিয়ে গেলে শামীম একটি ফাঁকা গুলি ছোড়েন। একপর্যায়ে মেয়েটির ভাই এবং পরিবারের অন্যান্য সদস্য শামীমকে ধরে ফেলেন এবং থানায় খবর দেন। একদল পুলিশ বকুলতলার ওই বাসায় গিয়ে শামীমকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। তাঁকে থানা হেফাজতে আটক রাখা হয়েছে।জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন জানান, জব্দ করা পয়েন্ট টু টু বোর পিস্তলটি শামীমের বাবার নামে নিবন্ধিত বলে দাবি করা হয়েছে।