ভয়-নির্যাতনে সুন্দরবন রক্ষার আন্দোলন বন্ধ হবে না
সুন্দরবন রক্ষার জন্য ২৬ অক্টোবর ডাকা মহাসমাবেশের আগেই রামপাল প্রকল্প বাতিলের ঘোষণা দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি। নয়তো সুন্দরবন-বিধ্বংসী এই প্রকল্প বাতিলের দাবিতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা দেওয়া হবে বলেও জানিয়েছে জাতীয় কমিটির নেতারা। তাঁরা বলেন, ভয় দেখিয়ে ও নির্যাতন করে সুন্দরবন রক্ষার আন্দোলন বন্ধ করা যাবে না।
আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এক সমাবেশে বক্তারা এসব ঘোষণা দেন।
সমাবেশে জাতীয় কমিটির সদস্যসচিব অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দেওয়ার শান্তিপূর্ণ কর্মসূচির ওপর পুলিশের হামলার সময় আশপাশের এলাকার অনেক সাধারণ মানুষ আন্দোলনকারীদের সহযোগিতা করেছে। এমনকি অনেক পুলিশ বাহিনীর সদস্য ব্যক্তিগতভাবে এসে আন্দোলনের প্রতি তাঁদের সমর্থন জানিয়ে গেছেন।
আনু মুহাম্মদ বলেন, ইউনেসকো রামপাল প্রকল্প বাতিলসহ সুন্দরবন রক্ষায় যেসব সুপারিশ করেছে, তা দ্রুত বাস্তবায়ন করতে হবে। ভারতের পরিবেশবাদীরা এই প্রকল্প বাতিলের দাবি তুলছেন। বিশ্বব্যাপী এই আন্দোলনের প্রতি সমর্থন গড়ে উঠছে। ফলে সরকারের সামনে এই প্রকল্প বাতিল করা ছাড়া আর কোনো উপায় নেই। দ্বিধা না করে দ্রুত রামপাল প্রকল্প বাতিলের ঘোষণা দেওয়ার আহ্বান জানান তিনি।
অন্যান্য বক্তারা বলেন, ভয় দেখিয়ে ও নির্যাতন করে সুন্দরবন রক্ষার আন্দোলন বন্ধ করা যাবে না। দেশের বেশির ভাগ মানুষ রামপাল প্রকল্প বাতিলের এই আন্দোলনের প্রতি তাদের সমর্থন ঘোষণা করেছে।
সমাবেশে আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোশাহেদা সুলতানা, সংগীতশিল্পী ও কবি কফিল আহমেদ, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের নেতা বজলুর রশিদ ফিরোজ ও খান আসাদুজ্জামান মাসুম।