ভয় পিছু ছাড়ে না সেলিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেলিনা ইসলাম বিউটি
সেলিনা ইসলাম বিউটি

স্বামী নজরুল ইসলামের হত্যাকারীদের ফাঁসির দণ্ড হয়েছে। তারপরও ভয় পিছু ছাড়ে না সেলিনা ইসলাম বিউটির। দুই ছেলে আর এক মেয়েকে বাসার বাইরে পাঠিয়ে সারাক্ষণ দুশ্চিন্তায় থাকেন তিনি।
প্রথম আলোর সঙ্গে আলাপকালে সেলিনা ইসলাম বলেন, ‘ওরা (নূর হোসেন ও তাঁর সহযোগী) ভয়ংকর। বহু টাকার মালিক। তাদের কারণে একমুহূর্তের জন্যও নিজেকে ও নিজের পরিবারকে নিরাপদ ভাবতে পারি না।’
সেলিনা ইসলাম নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনায় নিহত ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলামের স্ত্রী ও এই মামলার বাদী। তাঁর করা মামলায় নূর হোসেনকে প্রধান আসামি করে ছয়জনের নাম উল্লেখ করা হয়। এ কারণে নূর হোসেন, তাঁর সহযোগী ও স্থানীয় প্রভাবশালী আত্মীয়দের চক্ষুশূলে পরিণত হয়েছেন তিনি।
১৬ জানুয়ারি সাত খুন মামলার রায় ঘোষণা করেন আদালত। এতে নূর হোসেন ও তাঁর ৯ সহযোগীকে ফাঁসির দণ্ড দেওয়া হয়। এ ছাড়া রায়ে র‍্যাবের ১৬ সদস্যকে ফাঁসির দণ্ড ও ৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।
রায়ে সন্তোষ প্রকাশ করে সেলিনা বলেন, ‘যা পেয়েছি, তা কম নয়। বিচারে সন্তুষ্ট হয়েছি। স্বামী হত্যার বিচার পেয়েছি। ছেলেমেয়েরা দেখল তাদের বাবার হত্যাকারীদের ফাঁসির দণ্ড হয়েছে। এখন এই রায় বাস্তবায়ন চাই। দ্রুত রায় কার্যকর দেখতে চাই।’
এখনো আতঙ্ক কেন, জানতে চাইলে সেলিনা ইসলাম বলেন, মামলার এফআইআরে নূর হোসেনের পাঁচ সহযোগীর নাম ছিল। অভিযোগপত্র থেকে তাঁদের নাম বাদ দেওয়া হয়েছে। পরে নারাজি দেওয়া হলেও সর্বোচ্চ আদালত তা খারিজ করে দিয়েছেন। তিনি আরও বলেন, ‘এখন এরা আমাকে নানাভাবে ভয়ভীতি দেখাচ্ছে। সিটি করপোরেশন নির্বাচনের আগে তো হত্যার হুমকি দিয়ে চিঠিও পাঠানো হয়েছিল। প্রচার-প্রচারণা পর্যন্ত করতে দেয়নি।’ তিনি বলেন, ‘না, কিছু করছে না। কিন্তু নূর হোসেনের লোকেরা বাড়ির আশপাশে ঘোরাঘুরি করে। তখন ভয় লাগে। এদের ক্ষমতা, লোকবল আর টাকার তো অভাব নেই। কী যে করব, বুঝতে পারি না।’

এফআইআরে থাকলেও অভিযোগপত্রে নাম না আসা নূর হোসেনের পাঁচ সহযোগী হলেন ইকবাল হোসেন, ইয়াসিন মিয়া, হাসমত আলী হাসু, আমিরুল ইসলাম রাজু, আনোয়ার হোসেন আনু। এর মধ্যে ইকবাল হোসেন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। নূর হোসেন ও তাঁর সহযোগীরা ইকবালকে সম্প্রতি শেষ হওয়া নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ডে সেলিনা ইসলামের বিপক্ষে প্রার্থী করেন। ওই নির্বাচনে ইকবাল হোসেন বিজয়ী হন। স্বামী নজরুল নিহত হওয়ার পর ওই আসনের উপনির্বাচনে জিতে কাউন্সিলর হয়েছেন সেলিনা। অন্যদের মধ্যে ইয়াসিন মিয়া সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আমিরুল নূর হোসেনের বেশ কয়েকটি ‘অবৈধ’ ব্যবসা এখন পরিচালনা করেন। বাকি দুজন নূর হোসেনের ঘনিষ্ঠ। এ ছাড়া নূর হোসেনের ভাতিজা শাহজালাল বাদল, সোহেল ও শাহীনরাও এলাকায় প্রভাবশালী।

সেলিনা ইসলাম বলেন, ‘ঘরে, ঘরের বাইরে নিরাপদ বোধ করি না। ছেলেমেয়েদের নিয়েও দুশ্চিন্তা থাকে। জানি না সামনে কী হবে। এরা নানাভাবে হুমকি দেয়। সব সময় সরাসরি দেয় তা নয়।’