ভয়ংকর শায়েস্তাকারী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাচাতো ভাইয়ের বিরুদ্ধে মামলা দিয়ে শায়েস্তা করতে নিজের স্ত্রীর ডান চোখে গুলি করেছিলেন উত্তম কুমার মণ্ডল। কিন্তু তাঁর কপাল খারাপ। শেষমেশ স্ত্রীই তাঁকে ছেড়ে চলে গেছেন। এবার এক কলেজশিক্ষককে অপহরণ করে সাদা স্ট্যাম্পে জোর করে সই নিয়েছেন। কিন্তু শেষ পর্যন্ত সফল হননি। পুলিশের হাতে ধরা পড়ে উত্তম এখন জেলহাজতে।
এমন অসংখ্য নাটক ও প্রতারণার অভিযোগ রয়েছে উত্তমের বিরুদ্ধে। উত্তমের গ্রামের বাড়ি নাটোরের লালপুর উপজেলার মনিহারপুর গ্রামে। তিনি সেখানকার দুড়দুড়িয়া হাইস্কুল অ্যান্ড কলেজের বিদ্যালয় শাখার সহকারী শিক্ষক। গ্রামের জমিজমা বিক্রি করে তিনি রাজশাহীর বাঘা উপজেলা সদরের একটি বাড়িতে ভাড়া থাকেন।
উত্তম সর্বশেষ ঘটনাটি ঘটিয়েছেন ৩ মার্চ। বাঘার মোজাহার হোসেন মহিলা কলেজের শিক্ষক ও তাঁর প্রতিবেশী অসীম কুমার সরকারকে ফাঁসাতে কলা ব্যবসায়ীদের দিয়ে তাঁকে অপহরণ করান। অসীমের পৈতৃক বাড়ি মনিহারপুরে। বর্তমানে তিনি রাজশাহী শহর থেকে কলেজে যাতায়াত করেন।
অসীম কুমার জানান, ৩ মার্চ সহকর্মী নজরুল ইসলামকে নিয়ে শহর থেকে বাসে চড়ে কলেজে যাচ্ছিলেন। পথে পুঠিয়া উপজেলার বানেশ্বর এলাকায় তাঁদের বাস থামলে কলার ব্যবসায়ী পরিচয় দিয়ে দুজন তাঁকে জোর করে বাস থেকে নামান। এ সময় নজরুল বিষয়টি মুঠোফোনে তাঁর স্বজনকে জানিয়ে পুলিশ ডাকতে বলেন। এরপর অপহরণকারীরা নজরুলকেও আটক করেন। অপহরণকারীরা তাঁদের দুজনকে একটি কলার আড়তে আটকে রাখেন। কিছুক্ষণ পর সেখানে উত্তম আসেন। তাঁর কাছে ৩০০ টাকার একটি ননজুডিশিয়াল স্ট্যাম্প ছিল। উত্তম ও তাঁর লোকজন জোর করে ওই ফাঁকা স্ট্যাম্পে তাঁর সই নেন। তখন তাঁর কাছে সোনালী ব্যাংক বাঘা শাখার একটি চেকও ছিল। তাঁরা সেটিতেও তাঁর সই নেন।
অসীম আরও জানান, কিছুক্ষণের মধ্যে সেখানে পুঠিয়া থানার পুলিশ চলে আসে। পুলিশ এরশাদ আলী নামের এক অপহরণকারীকে আটক করে। কিন্তু উত্তমসহ অন্যরা পালিয়ে যান। ওই দিনই তিনি এরশাদ, উত্তমসহ অপহরণকারীদের বিরুদ্ধে পুঠিয়া থানায় মামলা করেন।
ওই মামলায় ৬ মার্চ বাঘা সদরের একটি চায়ের দোকান থেকে উত্তমকে গ্রেপ্তার করে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা পুঠিয়া থানার পরিদর্শক (তদন্ত) সেলিম বাদশা বলেন, ‘আসামি এরশাদ আদালতে দোষ স্বীকার করেছেন। উত্তম আমাদের কাছে দাবি করেছেন, তিনি অসীমের কাছে টাকা পাবেন। টাকা উদ্ধারের জন্য তিনি ওই কাজ করেন।’
যোগাযোগ করা হলে উত্তমের আগের স্ত্রী বলেন, ২০০৭ সালের অক্টোবর কী নভেম্বর মাসের কথা। রাতে ঘুমানোর সময় তাঁর ডান চোখে গুলি লাগে। তিনি চিৎকার দিয়ে উঠে দেখেন তাঁর স্বামী বিছানায় নেই। অনেক পরে উত্তম আসেন। সকালে হাসপাতালে নেওয়ার সময় তাঁকে শিখিয়ে দেওয়া হয় চাচাতো ভাই গোপাল মণ্ডল জানালা দিয়ে তাঁকে গুলি করেছেন। তাঁরা গোপালের নামে মামলা করবেন। এ কথা শুনেই তাঁর সন্দেহ হয়। ঢাকায় একটি হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা বলেন, তাঁকে (স্ত্রী) খুব কাছ থেকে গুলি করা হয়েছে। এ কথা শুনেই উত্তম সেখান থেকে পালিয়ে যান। আর কোনো দিন যোগাযোগ করেননি। পরে লালপুরের বর্তমান সাংসদ আইনজীবী আবুল কালাম আজাদের সহায়তায় উত্তমের কাছ থেকে যৌতুকের টাকা ফেরত নিয়ে তাঁর সঙ্গে বিবাহবিচ্ছেদ করেন।
ওই নারী বলেন, তাঁর ডান চোখ নষ্ট হয়ে গেছে। এখনো প্রচণ্ড যন্ত্রণা হয়। কিছুদিন আগেও কলকাতার একটি হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন। চিকিৎসকেরা বলেছেন, তাঁকে পাখি শিকার করা বন্দুক (এয়ারগান) দিয়ে গুলি করা হতে পারে।
উত্তম সম্পর্কে জানতে ১১ মার্চ লালপুরের মনিহারপুর গ্রামে গেলে প্রায় অর্ধশত মানুষ এই প্রতিবেদককে ঘিরে ধরেন। স্থানীয় দুড়দুড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবদুর রাজ্জাক বলেন, পুরো ইউনিয়নে উত্তমকে ভালো বলবে এমন একজন মানুষও পাওয়া যাবে না। তিনিসহ গ্রামের আটজন লোক উত্তমের কাছে এক লাখ ৬৪ হাজার ৫০০ টাকা পেতেন। ২০০৬ সালে কাউকে টাকা না দিয়েই উত্তম এলাকা ছেড়ে চলে যান। এ ব্যাপারে লালপুর থানায় লিখিত অভিযোগ করলে ২০১০ সালের ২৭ সেপ্টেম্বর থানায় সালিস হয়। সেখানে তিনি টাকা নেওয়ার কথা অস্বীকার করেন। সবাইকে খালি হাতে চলে আসতে হয়।
জমি কিনতে উত্তমকে ৮০ হাজার টাকা অগ্রিম দিয়েছিলেন রমেজ উদ্দিন। তিনি বলেন, ‘জমি রেজিস্ট্রি করার সময় উত্তম ওই টাকা নেওয়ার কথা অস্বীকার করেন।’
লালপুরের ভেল্লাবাড়ি বাজারের মুদি দোকানি আবদুল মজিদ বলেন, ‘উত্তম বাকি নিয়ে টাকা দিতেন না। একদিন লালপুরে সাত-আটজন লোক তাঁকে ধরে একটা কাগজে সই দিতে বলেন। এতে লেখা ছিল উত্তমের কাছে কোনো পাওনা নেই। তিনি সই না দিলে তাঁরা তাঁকে হাতুড়ি পেটা করেন। পরে সালিস হলে উত্তমের মামা সুবোধ সরকার সেই টাকা শোধ করেন।’
উত্তমের চাচাতো ভাই গোপাল মণ্ডল বলেন, লালপুর বাজারে কয়েকজন লোক তাঁকে তুলে নেওয়ার চেষ্টা করেন। এ সময় দুড়দুড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাজু তাঁকে উদ্ধার করেন। পরে জানা গেছে, উত্তম তাঁকে অপহরণ করতে ওই লোকদের পাঠান। এরপর তাঁকে শায়েস্তা করতে উত্তম নিজের স্ত্রীর চোখে গুলি করেন।