ভয়ভীতি দেখিয়ে সাদা কাগজে শিক্ষকদের সই নিলেন তিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের হাকিমপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বেলায়েত হোসেনের বিরুদ্ধে শিক্ষকদের কাছ থেকে ভয়ভীতি দেখিয়ে সাদা কাগজে সই নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
বেলায়েতের বিরুদ্ধে বিভিন্ন কাজে ঘুষ নেওয়ার অভিযোগে প্রথম আলোয় সংবাদ প্রকাশিত হওয়ার পর তিনি ওই সই নেন বলে জানা গেছে। এ ঘটনার পর থেকে উপজেলার প্রাথমিক শিক্ষকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
নাম প্রকাশে অনিচ্ছুক প্রাথমিক বিদ্যালয়ের কয়েকজন প্রধান শিক্ষক জানান, বেলায়েত হোসেনের বিরুদ্ধে টাকার বিনিময়ে বেআইনিভাবে শিক্ষক বদলি, সহকারী শিক্ষককে প্রধান শিক্ষকের বেতন প্রদান, নতুন সরকারি হওয়া বিদ্যালয়ের শিক্ষকদের বকেয়া বেতন ছাড়করণ, চাকরি বহি হালনাগাদ, উন্নীত বেতন স্কেল প্রদান করার জন্য উৎকোচ গ্রহণসহ বিভিন্ন অভিযোগ আনা হয়। পরে নতুন সরকারি হওয়া প্রাথমিক বিদ্যালয়ের ১২ জন প্রধান শিক্ষক গত ১৫ জুন দিনাজপুর-৬ (বিরামপুর-নবাবগঞ্জ-হাকিমপুর-ঘোড়াঘাট) আসনের সাংসদ শিবলী সাদিকের কাছে এ ব্যাপারে লিখিত অভিযোগ দেন। এ নিয়ে গত ১৯ জুন প্রথম আলোয় ‘হাকিমপুর শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।
তাঁরা আরও জানান, প্রথম আলোতে ওই সংবাদ প্রকাশিত হওয়ার পর ওই দিন বিকেলে নতুন সরকারি হওয়া ১৭টি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বেলায়েত তাঁর কার্যালয়ে ডেকে নেন। এরপর চাকরির বিষয়ে তিনি বিভিন্নভাবে তাঁদের ভয়ভীতি দেখাতে থাকেন। একপর্যায়ে একটি কাজের কথা বলে সাদা কাগজে শিক্ষকদের কাছ থেকে ওই সই নেন বেলায়েত হোসেন। কিন্তু ওই সাদা কাগজে সই নেওয়ার পর থেকে উপজেলার ওই শিক্ষকেরা চরম আতঙ্কে ভুগছেন।
তবে এ বিষয়ে জানতে চাইলে বেলায়েত হোসেন প্রথম আলোর কাছে শিক্ষকদের কাছ থেকে সাদা কাগজে সই নেওয়ার অভিযোগ অস্বীকার করেন।