ভয়ভীতি প্রদর্শন করে শিল্পীদের ঢাকায় নেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামীকাল সোমবার থেকে ঢাকায় অনুষ্ঠেয় সাংস্কৃতিক বৈচিত্র্য উৎসবে যোগ দিতে বান্দরবানের আদিবাসী শিল্পীদের ভয়ভীতি ও প্রলোভন দেখিয়ে পুলিশ প্রহরায় নিয়ে যাওয়া হচ্ছে বলে আদিবাসী নেতারা অভিযোগ করেছেন। এদিকে এ উৎসবে যোগ দেওয়া নিয়ে উভয় সংকটে পড়েছেন রাঙামাটির সরকারি চাকরিজীবী আদিবাসী শিল্পীরা। রাঙামাটি জেলা পরিষদের পক্ষ থেকে তাঁদের অনুষ্ঠানে যোগ দিতে বলা হয়েছে। পার্বত্য চট্টগ্রামসহ দেশের আদিবাসীদের ইতিহাস-ঐতিহ্য ও সংস্কৃতির প্রসার এবং প্রচারের লক্ষ্যে চার বছর ধরে ঢাকায় এ উৎসবের আয়োজন করা হচ্ছে। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন-সহায়তা প্রকল্পের (সিএইচটিডিএফ) সহায়তায় এবার উৎসবের মূল আয়োজক পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়। কিন্তু উৎসবের বিভিন্ন নথিপত্রে আদিবাসীদের নৃ-গোষ্ঠী এবং ক্ষুদ্র জাতিসত্তা উল্লেখ করায় পার্বত্য জেলাগুলোর আদিবাসীদের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ছাত্রসংগঠন এবার উৎসব বর্জনের ঘোষণা দিয়েছে। আজ রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ উৎসবের উদ্বোধন করবেন। ১০ ডিসেম্বর পর্যন্ত এ উৎসব চলবে। বান্দরবান: গতকাল জেলা শহরের ত্রিপুরা কল্যাণ সংসদ মিলনায়তনে আদিবাসী সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সমন্বয় কমিটির উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, ইউএনডিপি পার্বত্য মন্ত্রণালয়কে সঙ্গে নিয়ে সাংস্কৃতিক বৈচিত্র্য উৎসবের নামে আদিবাসীদের আত্মপরিচয় মুছে দেওয়ার ষড়যন্ত্র করছে। এ কারণে জেলার আদিবাসী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ওই উৎসব বর্জনের সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু জেলা পরিষদ, ইউএনডিপি ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ইনস্টিটিউট বিক্ষিপ্তভাবে আদিবাসী শিল্পীদের ভয়ভীতি ও প্রলোভন দেখিয়ে পুলিশ প্রহরায় ঢাকায় নিয়ে যাচ্ছে। এরই মধ্যে বেশ কিছু শিল্পীকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।আদিবাসী নেতারা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, শিল্পীদের মধ্যে যাঁরা সরকারি চাকরি করেন, তাঁদের দাপ্তরিক চিঠি দিয়ে বাধ্যতামূলকভাবে উৎসবে অংশগ্রহণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। যা মৌলিক অধিকার হরণের শামিল। লিখিত বক্তব্যে ওই সব আদিবাসী শিল্পীর প্রতি অনুষ্ঠান বর্জনের আহ্বান জানানো হয়। আদিবাসী সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সমন্বয় কমিটির আহ্বায়ক ক্যহ্লাউ চৌধুরীর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তুলে ধরেন সদস্যসচিব জলিমং মারমা। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন বম সোশ্যাল কাউন্সিলের সভাপতি জুয়ামলিয়ান আমলাই বম। আরও উপস্থিত ছিলেন দেন্দোহা জলাই ত্রিপুরা, আদিবাসী ফোরামের জেলা সভাপতি মংমং চাক, সামাজিক-সাংস্কৃতিক সমন্বয় কমিটির সদস্য অংচমং মারমা, সচেতন আদিবাসী ছাত্রসমাজের মংস্তু মারমা, নিত্যলাল চাকমা প্রমুখ। রাঙামাটি: এ উৎসবে যোগ দেওয়া নিয়ে উভয় সংকটে পড়েছেন জেলার সরকারি চাকরিজীবী আদিবাসী শিল্পীরা। এরই মধ্যে দাপ্তরিক চিঠি দিয়ে উৎসবে অংশগ্রহণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।নামপ্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিল্পী জানান, তাঁদের বিভাগের প্রধানেরা চিঠি দিয়ে সাংস্কৃতিক বৈচিত্র্য উৎসবে যোগ দিতে বলেছেন। এবং এ ব্যাপারে রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের পরিচালকের সঙ্গে কথা বলতে বলেছেন। আগে কোনো বছর এভাবে বলা হয়নি। বরঞ্চ তখন আবেদন করে, অডিশন দিয়ে পাস করার পর উৎসবে যোগ দিতে দিয়েছে। শিল্পীরা জানান, বিভাগীয় প্রধানদের নির্দেশমতো উৎসবে যোগ না দিলে চাকরিতে সমস্যা হবে। অপরদিকে উৎসবে যোগ দিলে পরবর্তী সময়ে সামাজিকভাবে সমস্যা দেখা দিতে পারে। শিল্পীদের চিঠি পাঠানোর বিষয়টি নিশ্চিত করে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম রিয়াজ উদ্দিন বলেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যানের চিঠির পরিপ্রেক্ষিতে তিনি ওই চিঠি পাঠিয়েছেন। খাগড়াছড়িতে উৎসব বাতিলের দাবি: জেলার ১৫টি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা ওই উৎসব বাতিলের দাবি জানিয়েছেন। গতকাল শনিবার এক যৌথ বিবৃতিতে তাঁরা এ দাবি জানান। বিবৃতিতে অভিযোগ করা হয়, সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে বাঙালি জাতীয়তাবাদ চাপিয়ে দেওয়া হয়েছে। এরপর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নামে উৎসব আয়োজন দেশের সংখ্যালঘু জাতিসত্তাগুলোর পরিচয় মুছে দেওয়ার ষড়যন্ত্র ছাড়া আর কিছু নয়।