প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন বলেছেন, মামলাজট কমানোর ক্ষেত্রে বিচারক ও আইনজীবীদের সক্রিয় ভূমিকা থাকতে হবে। ভয়ভীতি, রাগ-বিরাগের ঊর্ধ্বে উঠে বিচারিক দায়িত্ব পালন করতে হবে। বিচারপ্রার্থীরা আদালতে ন্যায়বিচার চাইতে এসে যেন হয়রানির শিকার না হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। গতকাল বুধবার বিকেলে কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নতুন ভবন ও লাইব্রেরি উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান বিচারপতি বলেন, বিচারক ও আইনজীবীদের কাজ করতে হবে সত্য প্রতিষ্ঠার জন্য। এতে মানুষের ন্যায় বিচারপ্রাপ্তি নিশ্চিত হবে। আইনজীবীদের সামাজিক দায়িত্ববোধ থেকেও কিছু কাজ করতে হয়।
পারিবারিক মামলার কথা উল্লেখ করে তিনি বলেন, সামাজিক দায়িত্ববোধ থেকেই আইনজীবীদের পারিবারিক মামলাগুলো মধ্যস্থতার মাধ্যমে নিষ্পত্তি করতে হবে। এতে মামলার জট থেকে কিছুটা হলেও মুক্তি পাওয়া যাবে। বর্তমানে বিচারকস্বল্পতা দূর করতে চেষ্টা করা হচ্ছে। এ সময় তিনি পরস্পরের মধ্যে সুসম্পর্ক বজায় রেখে কাজ করতে বিচারক ও আইনজীবীদের প্রতি আহ্বান জানান এবং আইনসংশ্লিষ্ট ব্যক্তিদের তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়ানোর তাগিদ দেন।
কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সভাপতি কাজী নাজমুস সা’দাতের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন কুমিল্লা জেলা ও দায়রা জজ মো. নুরুল ইসলাম, বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য মো. কাইমুল হক, কুমিল্লা জেলার সরকারি কৌঁসুলি (পিপি) মো. মুজিবুর রহমান এবং জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম প্রমুখ।