
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় গতকাল শনিবার অ্যাসিড সারভাইভারদের দুই দিনব্যাপী জাতীয় সম্মেলন শেষ হয়েছে। নারী, শিশুসহ অ্যাসিড-সন্ত্রাসের শিকার ৮৭ জন এতে অংশ নেন। সম্মেলনে তাঁরা তাঁদের ভয়ানক অভিজ্ঞতার বর্ণনা দেন এবং এই সন্ত্রাস রোধে সুপারিশমালা তুলে ধরেন।
‘সম্মিলিত প্রয়াসে জাগব আমরা, করব জয়’—এই প্রতিপাদ্য নিয়ে গত শুক্রবার অ্যাসিড সারভাইভারস ফাউন্ডেশনের (এএসএফ) উদ্যোগে অ্যাসিড-সহিংসতা রোধে সাটুরিয়ার কৈট্টা এলাকায় প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রে এ সম্মেলন শুরু হয়।
গতকাল সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের চেয়ারপারসন ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। স্বাগত বক্তব্য দেন এএসএফের নির্বাহী পরিচালক সেলিনা আহমেদ।
অ্যাসিড-সন্ত্রাসের শিকার কুষ্টিয়ার কিশোরী কাকুলী আক্তার (১৪) বলে, ‘তখন আমি অষ্টম শ্রেণীতে পড়তাম। স্কুলে যাওয়া-আসার পথে বখাটেরা খুব উত্ত্যক্ত করত। অতিষ্ঠ হয়ে একদিন বাবা আমার বিয়ে দিলেন। বিয়ের ১৫ দিন না যেতেই ওই বখাটেরা আমার দিকে অ্যাসিড ছুড়ে মারল। আমার মুখ ঝলসে দিল। এখন সেই বিকৃত মুখ আমাকে বহন করতে হয়। কী অপরাধ ছিল আমার?’
সাতক্ষীরার গৃহবধূ আকলিমা বেগম জানান, অ্যাসিড-সন্ত্রাসের শিকার হয়ে থানায় গিয়েও হয়রানির মুখে পড়তে হয় তাঁকে। পুলিশ মামলা নিতে চায় না। পরে ঘুষ দিয়ে মামলা নথিভুক্ত করতে হয়। এরপর বিচারকাজ সম্পন্ন হতে দীর্ঘদিন অপেক্ষা করতে হয়।
অ্যাসিড-সন্ত্রাসের শিকার শিশু সীমা আক্তার বলে, ‘মুখ ঝলসে যাওয়ায় সহপাঠীরা আমার সঙ্গে মিশতে চায় না, খারাপ লাগে।’
এএসএফের চেয়ারপারসন ইফতেখারুজ্জামান বলেন, মামলার দীর্ঘসূত্রতার কারণে অ্যাসিডের শিকার ব্যক্তি ও তাঁর পরিবারকে হয়রানির শিকার হতে হয়।