২০৬০ সাল নাগাদ ভয়াবহ বন্যার ঝুঁকিতে পড়বে—বিশ্বের এমন ২০টি শহরের মধ্যে জনসংখ্যার ভিত্তিতে রাজধানী ঢাকার অবস্থান তৃতীয়। এ তালিকা অনুযায়ী খুলনা শহরের অবস্থান ১৩তম আর চট্টগ্রামের ১৮তম। যুক্তরাজ্যভিত্তিক উন্নয়ন সংস্থা ক্রিশ্চিয়ান এইড তাদের এক গবেষণা প্রতিবেদনে এই তথ্য তুলে ধরেছে। প্রতিবেদনটি গতকাল সোমবার প্রকাশ করা হয়।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২০৬০ সাল নাগাদ বিশ্বের বিভিন্ন নগরে বাস করা ১০০ কোটিরও বেশি মানুষ বিপর্যয়কর বন্যার কবলে পড়বে। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ফলে এমন পরিস্থিতির সৃষ্টি হবে।
গবেষণায় বলা হয়, ২০৬০ সালের মধ্যে বাংলাদেশের উপকূলীয় এলাকায় বসবাস করা জনসংখ্যা হবে ১০ কোটি ৫ লাখ। দেশের তিন বড় নগরের মধ্যে ঢাকার ১ কোটি ১১ লাখ মানুষ ২০৭০ সাল নাগাদ জলবায়ু পরিবর্তনের কারণে বন্যার ঝুঁকিতে পড়বে। খুলনা ও চট্টগ্রামে এ সংখ্যা হবে যথাক্রমে ৩৬ লাখ ও ২৮ লাখ।
গবেষণা অনুযায়ী, বন্যার কারণে সবচেয়ে বেশি আর্থিক ক্ষতির মুখে পড়তে যাওয়া ২০টি শহরের মধ্যে বাংলাদেশের কোনো শহর নেই। সে বিবেচনায় যুক্তরাষ্ট্রের মায়ামি আছে সবচেয়ে আগে। এরপরই আছে চীনের শহর গুয়াংজু।
জনসংখ্যার ভিত্তিতে বড় বন্যার ঝুঁকিতে থাকা ২০ শহরের মধ্যে প্রথম অবস্থানে আছে ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা। আবার আর্থিক ক্ষতির নিরিখে এ শহরের অবস্থান চতুর্থ। ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাই বন্যার ঝুঁকিতে থাকা ২০ শহরের মধ্যে দ্বিতীয় অবস্থানে আছে। আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে যাওয়া নগরের মধ্যে এটি আছে ষষ্ঠ অবস্থানে।
গবেষণায় বলা হয়, বিশ্বের বড় নগরগুলোর মধ্যে ঢাকা ও কলকাতা ইতিমধ্যেই জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবের শিকার হচ্ছে।