তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্যসচিব অধ্যাপক আনু মুহাম্মদ বলেছেন, বাংলাদেশ-ভারত দুই দেশ মিলে রামপাল বিদ্যুৎ প্রকল্পের মাধ্যমে বাংলাদেশের জন্য একটি ভয়াবহ বিপদের ক্ষেত্র তৈরি করেছে। দুই দেশের জনগণকে ঐক্যবদ্ধ হয়ে বৃহত্তর আন্দোলনের মাধ্যমে বাংলাদেশকে এই মহাবিপদের হাত থেকে রক্ষা করতে হবে।
গতকাল সোমবার বিকেলে পঞ্চগড় নজরুল পাঠাগারে সংগঠনটির জেলা কমিটি আয়োজিত এক সুধী সমাবেশে আনু মুহাম্মদ এসব কথা বলেন। তিনি বলেন, দুই দেশের সরকার যৌথভাবে আন্তর্জাতিক বিধি লঙ্ঘন করে পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন, প্রাণ-বৈচিত্র্যের আঁধার এবং সবচেয়ে শক্তিশালী প্রাকৃতিক রক্ষাবর্ম সুন্দরবন ধ্বংস করার ব্যবস্থা পাকাপোক্ত করেছে। সুন্দরবনের বৃহৎ এলাকায় পরিকল্পিত কয়লাভিত্তিক এই বিদ্যুৎ প্রকল্পের চুক্তিতে ভারতীয় কোম্পানির উচ্চ মুনাফা নিশ্চিত করতে কর মওকুফ, বিদ্যুতের দাম অনির্ধারিত রাখা এবং বাংলাদেশের ওপর সব দায়-দায়িত্ব চাপানোসহ সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়েছে।