ভয়াবহ যক্ষ্মা থেকে বাঁচতে সচেতনতার বিকল্প নেই
যক্ষ্মায় আক্রান্ত একজন রোগীর কাশি প্রায় পাঁচ বর্গমাইল এলাকায় জীবাণু ছড়ায়। এ ভয়াবহ রোগ থেকে বাঁচতে সামাজিক সচেতনতার বিকল্প নেই। এ কারণে সরকারি পর্যায়ে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ও ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। কুমিল্লার দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে শনি ও রোববার দুই দিনব্যাপী আয়োজিত জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির ওপর কার্যক্রম পর্যালোচনা সভায় আলোচকেরা ওই বক্তব্য তুলে ধরেন। বক্তারা আরও বলেন, যক্ষ্মা রোগে বাংলাদেশে প্রতিবছর তিন লক্ষাধিক লোক আক্রান্ত হয়। এর মধ্যে ৭০ হাজার রোগী মারা যায়। দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুল মতিনের সভাপতিত্বে ওই সভায় আলোচনায় অংশ নেন কুমিল্লার সিভিল সার্জন আবদুল মতিন পাটোয়ারী, ডেপুটি সিভিল সার্জন সমীর কান্তি সরকার, কুমিল্লা বক্ষব্যাধি হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক মো. মাহফুজুল হক, মজিবুর রহমান, সামসুল হক, বশির আহমেদ, ব্র্যাক কুমিল্লার ব্যবস্থাপক ফজলুর রহমান, দেবীদ্বারের ব্যবস্থাপক মোশতাক আহমেদ প্রমুখ।