ভয়াল স্মৃতি তাড়া করে ফেরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইলায় পরিবারের ১০ সদস্যকে হারিয়েছেন ইমাম আলী৷ এখন নাতনি মামিনকে নিয়ে বেশির ভাগ সময় এভাবেই নির্বাক দৃষ্টিতে তাকিয়ে থাকেন তিনি l ছবি: প্রথম আলো
আইলায় পরিবারের ১০ সদস্যকে হারিয়েছেন ইমাম আলী৷ এখন নাতনি মামিনকে নিয়ে বেশির ভাগ সময় এভাবেই নির্বাক দৃষ্টিতে তাকিয়ে থাকেন তিনি l ছবি: প্রথম আলো

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ ইউনিয়ন গাবুরা৷ এর তিন দিকে বহমান নদী। এক দিকে সুন্দরবন। এখানেই জন্ম ইমাম আলীর৷ প্রকৃতির বুকে বেড়ে উঠেছেন৷ তবে প্রকৃতিকে এতটা নিষ্ঠুর হতে দেখেননি তিনি৷ ২০০৯ সালের ২৫ মে৷ আইলার তাণ্ডবে মুহূর্তেই তাঁর সবকিছু এলোমেলো হয়ে গেছে৷ হারিয়েছেন পরিবারের ১০ সদস্যকে৷
ইমাম আলী বলেন, ‘ওই দিনের কুথা মনে হলি আর ব্যাঁচতি ইচ্ছে হয় না৷’ এরপর ‘আইলা আমার সবকিছু ক্যাড়ে নে’ বলেই হাউমাউ করে কেঁদে ওঠেন সত্তরোর্ধ্ব ইমাম৷ সেদিনের স্মৃতি রোমন্থন করতে গিয়ে তিনি বলেন, সকাল থেকেই দমকা বাতাসের সঙ্গে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল৷ দুপুরে উপকূল রক্ষার বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকে পড়ে৷ দুইটার দিকে পানি বাড়তে থাকলে উত্তেজনা দেখা দেয়৷ চকবারা, খলিশাবুনিয়া, জেলিয়াখালীসহ গাবুরার পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ২৭ কিলোমিটার বেড়িবাঁধের অর্ধেকের বেশি ধসে গাবুরা ও সাগর একাকার হয়ে যায়। প্রচণ্ড বেগে ধেয়ে আসা জলোচ্ছ্বাসের পানি ঘরের মধ্যে ঢুকতে থাকে। রাজ্যের আতঙ্ক সবাইকে গ্রাস করে৷ একপর্যায়ে ছেলে মিজানুর রহমানের আনা একটি মাঝারি নৌকায় ওঠেন মা, নাতি-পুতি, স্ত্রী, কন্যা, চাচিসহ পরিবারের ১৯ জন।
এরপর আর কথা বের হয় না ইমাম আলীর মুখ দিয়ে। ডুকরে কেঁদে ওঠেন তিনি। কিছুক্ষণ পর নিজেকে সামলে নিয়ে বলেন, ফসলের মাঠ তখন ১২-১৪ ফুট পানির তলায়। বাড়ি থেকে লক্ষ্মীখালী সাইক্লোন শেল্টারের উদ্দেশে বের হয়ে বাতাস আর উথাল-পাতাল ঢেউয়ের মধ্যে নৌকা সামনের দিকে নিয়ে যাওয়া দুঃসহ হয়ে পড়ে। চকবারা সাইক্লোন েশল্টারে পৌঁছানোর আগমুহূর্তে নৌকা উল্টে যায়। পরে একে একে উদ্ধার হয় মা, স্ত্রী, মেয়ে, নাতি, নাতনিসহ ১০ জনের লাশ৷
শুধু গাবুরা নয়, সামুদ্রিক জলোচ্ছ্বাস ও ঘূর্ণিঝড়ের প্রভাবে সৃষ্ট সর্বনাশা আইলা আঘাত হেনেছিল দক্ষিণ-পশ্চিম উপকূলীয় জনপদে। সাতক্ষীরার শ্যামনগর ও আশাশুনি উপজেলার উপকূলবর্তী বিস্তীর্ণ এলাকা লন্ডভন্ড হয়ে যায়। নিমেষেই ভাসিয়ে নিয়ে যায় শ্যামনগরের নারী ও শিশুসহ কয়েক শত মানুষ, কয়েক হাজার গবাদিপশু আর লাখো ঘরবাড়ি। কয়েক লাখ মানুষ গৃহহীন হয়ে পড়ে। শুধু শ্যামনগরেই মারা যায় ৫৫ জন৷
শ্যামনগরের গাবুরা ও পদ্মপুকর এলাকার মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, পাঁচ বছর পেরিয়ে গেলেও আইলার ক্ষতচিহ্ন মুছে যায়নি শ্যামনগর এলাকা থেকে। এলাকার মানুষ ঘুরে দাঁড়ানোর নিরন্তর চেষ্টা করেও এগোতে পারছে না। যত দিন যাচ্ছে, আইলার বিরূপ প্রতিক্রিয়া পড়ছে মানুষের জীবনে। দুবেলা দুমুঠো ভাতের জন্য লড়াই করতে হচ্ছে তাদের। এলাকায় কাজ নেই। এলাকা ছেড়ে মানুষ কাজের জন্য ছুটছে দেশের বিভিন্ন অঞ্চলসহ ভারতেও।
গত মঙ্গলবার সরেজমিনে দেখা গেছে, গাবুরা ইউনিয়নের মানুষ সংগ্রাম করতে করতে হাঁপিয়ে উঠেছে। সোরা গ্রামের বি ক্লোজারের পাশে ও নেবুবুনিয়া এলাকায় দেখা গেল, আইলার পর থেকে শতাধিক পরিবার পাউবোর বাঁধের ওপর খুপরি বানিয়ে বসবাস করছে।
গ্রামের রাবেয়া খাতুন বলেন, আইলার পর গাছগাছালিতে ভরপুর গাবুরা মরুভূমিতে পরিণত হয়েছে। তাল আর নারকেলগাছ ছাড়া অন্য কোনো গাছ জন্মাচ্ছে না৷ তাই তীব্র গরমের মধ্যেও পরিবার-পরিজন নিয়ে অসহনীয় কষ্টে খুপরির মধ্যে পুড়ছে তাঁর মতো অনেকের পরিবার।
গাবুরা ইউনিয়ন পরিষদের (ইউিপ) চেয়ারম্যান মাসুদুল আলম জানান, এলাকায় কর্মসংস্থান না থাকায় আইলার পাঁচ বছর পরও মানুষ এলাকা ছেড়ে চলে যাচ্ছে। এখনো ফসল হচ্ছে না। বর্তমানে প্রচণ্ড দাবদাহে পুকুরের পানি শুকিয়ে যাচ্ছে। তাঁর ইউপির ১৫টির মধ্যে ১২টি গ্রামেই খাওয়ার পানির সংকট৷ পাঁচ বছরে ১০-১২ কিলোমিটার বাঁধ মেরামত আর কয়েকটি পুকুর খনন ছাড়া আইলার পর তেমন কিছুই হয়নি। একই অবস্থা পদ্মপুকুর ইউনিয়নেও৷
আলোকচিত্র প্রদর্শনী ও মানববন্ধন: আইলা দিবস উপলক্ষে গতকাল শনিবার সাতক্ষীরায় বেসরকারি সংগঠন লিডার্স, দেশ আমার ও প্রথম আলো বন্ধুসভা আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করে। পাশাপাশি তারা বিভিন্ন দাবিতে মানববন্ধনও করে৷ সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে বেলা ১১টায় মানববন্ধন কর্মসূচিতে ঘোষণাপত্র পাঠ করেন দেশ আমার সাতক্ষীরা শাখার সভাপতি আমিনা বিলকিস। বক্তব্য দেন বন্ধুসভার জেলা সভাপতি ভৈরব চন্দ্র পাল, লিডার্সের নির্বাহী পরিচালক মহন কুমার মণ্ডল, জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন প্রমুখ৷